বায়োকেমিস্ট্রি নিয়ে অলিম্পিয়াড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াডে অংশ নেয় প্রায় ৭০০ শিক্ষার্থী
বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াডে অংশ নেয় প্রায় ৭০০ শিক্ষার্থী

গত ১৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ আয়োজিত পঞ্চম বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াড-২০১৪।
বিজ্ঞানে রয়েছে মজার সব জগৎ। ভালো শিক্ষার্থীদের সে জগতের দিকে টেনে নিয়ে যাওয়াই এ ধরনের উদ্যোগের লক্ষ্য। এ অলিম্পিয়াডের আহ্বায়ক ছিলেন বিভাগীয় চেয়ারম্যান হাসিনা খান। দেশসেরা স্কুল-কলেজ থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং ও লেভেল, এ লেভেল পর্যায়ের ৭০০ শিক্ষার্থী নাম লিখিয়েছিল এ আয়োজনে। উদ্বোধনের পর প্রথম পর্বেই ছিল তাদের জন্য পরীক্ষা। পরীক্ষার প্রশ্নপত্র ছিল তাদের পাঠ্যক্রম উপযোগী জৈব রসায়ন ও জীববিজ্ঞানের আলোকে। এরপর তারা ঘুরে দেখে বিভাগ প্রাঙ্গণ, যেখানে তাদের জন্য প্রদর্শিত হয় নানা পোস্টার। ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রদর্শিত সেসব পোস্টার ছিল প্লাস্টিক বর্জ্য থেকে বায়োফুয়েল তৈরি, অ্যানোমেলাস রিপ্রোডাকশনসহ জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও লাইফ সায়েন্সের মতো আকর্ষণীয় বিষয়ে ভরপুর।
‘বর্তমান বিশ্বে জীববিজ্ঞানের সমৃদ্ধির পথে অনেক দেশ যেখানে এগিয়ে গেছে, সেখানে আমাদের শিক্ষার্থীরা আজও জীববিজ্ঞান বই খুলতে ভয় পাবে, তা তো হওয়ার নয়। ছাত্রছাত্রীদের মন থেকে এই ভীতি দূর করে জীববিজ্ঞানের প্রতি ভালোবাসা জন্মানোর জন্যই আমাদের এই প্রয়াস।’ কথাগুলো ছিল বিভাগীয় শিক্ষক ও অলিম্পিয়াডের পৃষ্ঠপোষক মামুন রশীদ চৌধুরীর।
বায়ো সায়েন্সে উৎসুক শিক্ষার্থীরা এই আয়োজনে এসে জানতে পেরেছে জীববিজ্ঞানের ফলিত শাখাগুলোতে কাজের ক্ষেত্র কত বিস্তৃত, কত সম্প্রসারিত। লাইফ সায়েন্সের জনপ্রিয় বিষয়ের ওপর বিভাগীয় শিক্ষকদের বক্তব্য ছেলেমেয়েদের জীববিজ্ঞান সম্পর্কে আগ্রহী করে তোলে। সবশেষে ছিল প্রশ্নোত্তর পর্ব, যেখানে বুদ্ধিদীপ্ত ছাত্রদের অদম্য কৌতূহল মেটানোর জন্য উপস্থিত ছিলেন বিভাগের বিজ্ঞ শিক্ষকমণ্ডলী।
সবশেষে পুরস্কার বিতরণের পালা। মাধ্যমিক বা ও লেভেলে চ্যাম্পিয়নের খেতাব পেয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল ও রানারআপ হয়েছে টার্কিশ হোপ ইন্টারন্যাশনাল স্কুল। উচ্চমাধ্যমিক বা এ লেভেল পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে মাস্টারমাইন্ড এবং রানারআপ হয়েছে সানিডেল। ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে বিজয়ী স্কুলগুলোকে দেওয়া হয় মাইক্রোস্কোপ।
বিভাগীয় শিক্ষক ও অনুষ্ঠানের অন্যতম পৃষ্ঠপোষক ইশতিয়াক মাহমুদ বলেন, ‘একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তারা বিজ্ঞানে কতটা পারদর্শী তার ওপর। বহু সমস্যায় জর্জরিত বাংলাদেশে সমস্যা সমাধানের দায়িত্ব কিন্তু মেধাবী তরুণ প্রজন্মেরই। আর এর জন্যই চাই বিজ্ঞানের গবেষণার আলোকে বাস্তব জ্ঞানের জীবনমুখী প্রয়োগ। বিগত বছরগুলোতে ঢাকাকে কেন্দ্র করেই হচ্ছে এ আয়োজন। তার পরও ঢাকার বাইরের থেকেও অনেকে আসছে এখানে। পাঁচ বছরের ধারাবাহিকতায় শিক্ষার্থীদের অংশগ্রহণও বাড়ছে। তাই আমাদের ইচ্ছা, ভবিষ্যতে জাতীয় পর্যায়ে এর আয়োজন করার।’