বায়োমেট্রিকময় ভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: শিখা
আঁকা: শিখা

দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে বসে আছে ছেলেটা। হঠাৎ একদিন মরুর বুকে পানি দেখা গেল! মেয়েটি ছেলেটিকে ডেকে বলল, ‘আপনি কি সত্যিই আমাকে ভালোবাসেন?’
: অবশ্যই! তুমি শুধু একটিবার তোমার হৃদয়ে আমাকে জায়গা দিয়ে দেখো...!
: আচ্ছা, ঠিক আছে, আমি আপনার প্রোপোজাল অ্যাকসেপ্ট করতে পারি। তবে...
: তবে? তবে কী?
: একটা শর্ত...
: একটা কেন, তোমাকে পাওয়ার জন্য আমি হাজারটা শর্তে রাজি! তুমি জাস্ট বলেই দেখো একটাবার!
: ওকে, বলছি। আপনি যদি নিজ দায়িত্বে আমার ১০টা সিম বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করিয়ে এনে দিতে পারেন, তাহলেই আমি আপনার প্রোপোজাল অ্যাকসেপ্ট করব।

মেয়েটির কথা শুনে ছেলেটি হালকা বিষম খেল। তারপর সে মেয়েটির দিকে তাকিয়ে রইল অপলক দৃষ্টিতে। মেয়েটি একসময় জিজ্ঞেস করল, ‘কী হলো, এভাবে তাকিয়ে আছেন কেন?’ ছেলেটি তবু চুপচাপ তাকিয়ে রইল মেয়েটির দিকে। মেয়েটি লজ্জায় লাল হয়ে বলল, ‘প্লিজ, এভাবে তাকিয়ে থাকবেন না। আমার লজ্জা লাগছে!’
ছেলেটি তখন চোখের পলক ফেলে মায়াভরা কণ্ঠে বলল, ‘ইয়ে, মানে...তুমি দেখতে ঠিক যেন ছোটবেলায় মেলায় হারিয়ে যাওয়া আমার বোনটির মতো! কী লজ্জার বিষয় দেখো! এত দিন আমি একটুও বুঝতে পারিনি! দেখো, আমি ইমোশনাল হয়ে যাচ্ছি! তুমি কি আমার বোন হবে?’


গ্রন্থনা: আবু সাঈদ