বিইউবিটিতে তথ্যপ্রযুক্তি উৎসব
ঢাকায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বার্ষিক উৎসব ‘সিএসই ফিয়েস্তা’র প্রথম পর্ব গত সোমবার অনুষ্ঠিত হয়েছে। এ পর্বে ছিল আন্তবিশ্ববিদ্যালয় ও আন্তকলেজ গণিত অলিম্পিয়াড এবং গেমস প্রতিযোগিতা (ফিফা ’০৯)। খবর বিজ্ঞপ্তির। প্রথম পর্বের আয়োজনের উদ্বোধন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার কৌশল বিভাগের প্রধান মো. সামছুল আলম। উপস্থিত ছিলেন বিইউবিটির উপাচার্য মো. আবু সালেহ, সহ-উপাচার্য মো. আলী আজমসহ অনেকে।গণিত অলিম্পিয়াডে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি), বিইউবিটি, আমেরিকান আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়-বাংলাদেশ (এআইইউবি)সহ ২০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে বুয়েটের মো. মাহাবুবুল হাসান, শাহারিয়ার রউফ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাজির সালেহীন (ঢাকা বিশ্ববিদ্যালয়)।সিএসই ফিয়েস্তার আহ্বায়ক মো. সাইফুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তিসমৃদ্ধ বাংলাদেশ গড়তে এই ধরনের প্রতিযোগিতা খুবই প্রয়োজন। আন্তকলেজ গণিত অলিম্পিয়াডে ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ, এস ও এস হারম্যান মেইনার কলেজসহ প্রায় ১৫টি কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। এই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে ঢাকা ইম্পেরিয়াল কলেজের ফাহিম সিদ্দিকী, মাহাবুব আলম এবং বিএন কলেজের নওরিন তাসনুভা।গেম প্রতিযোগিতায় ৫০ জন প্রতিযোগী অংশ নেন। ফিফা গেমে চ্যাম্পিয়ন হয় আইইউটির প্রিয়ম মুনাছির, প্রথম রানারআপ হয় ঢাকা সিটি কলেজের আসিফ নেওয়াজ এবং দ্বিতীয় রানারআপ হয় বিইউবিটির ওমর ফারুক খান।এ আয়োজনে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনের পক্ষে প্রায় ৯০০ ভোট সংগ্রহ করা হয়। বিকেলে বিইউবিটি মিলনায়তনে পুরস্কার বিতরণ করেন বিইউবিটি সিন্ডিকেটের চেয়ারম্যান এ এফ এম সারোয়ার কামাল।ফিয়েস্তার দ্বিতীয় পর্বে রয়েছে আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন। প্রতিযোগিতা হবে ১১ ও ১২ জুন।