বিইউবিটিতে হলো প্রোগ্রামিং প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল দুই দিনব্যাপী আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা। এতে ২৫টি বিশ্ববিদ্যালয়ের ৫৮টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম ১০টি স্থানের প্রথম, দ্বিতীয়, পঞ্চম, ষষ্ঠ এবং নবম স্থান অর্জন করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিভিন্ন দল। প্রতিযোগিতায় তৃতীয়, চতুর্থ এবং সপ্তম স্থান অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দল। অষ্টম ও দশম স্থান অধিকার করে যথাক্রমে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইপসাইলনস দল এবং আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইনভেনসিবল দল। প্রতিযোগিতায় প্রতিযোগীদের সর্বমোট নয়টি সমস্যার সমাধান করতে দেওয়া হয়। খবর বিজ্ঞপ্তির। সর্বোচ্চ চারটি সমস্যার সমাধান করতে পারে পাঁচটি দল। তিনটি সমস্যার সমাধান করে পাঁচটি দল, দুটি করে সমস্যার সমাধান করে ৩২টি দল এবং বাকি অন্যান্য দল সবাই একটি করে সমস্যার সমাধান করে। প্রোগ্রামিং প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে ছিলেন বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ। বিচারকাজ পরিচালনা করেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চেয়ারম্যান শাহরিয়ার মনজুর। বিইউবিটির মিলনায়তনে প্রোগ্রামিং প্রতিযোগিতায় বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শফিক আহমেদ সিদ্দিক, সিন্ডিকেটের চেয়ারম্যান এ এফ এম সরোয়ার কামাল এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আলী আজম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউবিটির উপাচার্য মো. আবু সালেহ।