বিকিরণ স্বল্প মাত্রার হলেও ক্যানসারের ঝুঁকি
বিকিরণ স্বল্প মাত্রার হলেও দীর্ঘমেয়াদি হলে এতে ক্যানসারের ঝুঁকি বেড়ে যায়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের পারমাণবিক ক্ষেত্রে কর্মরত কর্মীদের নিয়ে করা সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। আজ এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল বুধবার চিকিৎসা সাময়িকী ব্রিটিশ মেডিকেল জার্নাল-এ গবেষণার ফল জানানো হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ গবেষণা পরিচালনা করে। স্বাস্থ্য সংস্থার অধীন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার (আইএআরসি) এ গবেষণা প্রসঙ্গে বলছে, বিকিরণ স্বল্প মাত্রার হলেও ক্যানসারের ঝুঁকি থাকার প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেছে।
গবেষণা নিবন্ধের সহযোগী লেখক আইএআরসির গবেষক অসরেলে কেসমেনিয়েন বলেন, বিকিরণের মাত্রার সঙ্গে সব ধরনের টিউমার বেড়ে যাওয়ার গুরুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি এ গবেষণায় পাওয়া গেছে। মানুষ দীর্ঘ মেয়াদে যদি স্বল্প বিকিরণ বা নিয়ন্ত্রিত বিকিরণেও কাজ করে, তবে এ ঝুঁকি থেকে যায়।
দ্য ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার ওয়ার্কার্স স্টাডি (ইনওয়ার্কস) নামের এ গবেষণাটি করতে পারমাণবিক খাতের ১৯৪৩ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত কর্মরত তিন লাখ কর্মীর বিকিরণের প্রভাবের বিষয়টি পর্যবেক্ষণ করে দেখা হয়। এ ধরনের ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর হার কম বলেও গবেষণার ফলে বলা হয়েছে। তবে বিকিরণের প্রভাবে দেখা দেওয়া ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর হার ১ শতাংশ।
আইএআরসির গবেষক ইসাবেল থিয়েরি-শেফ বলেন, এ গবেষণা কেবল পারমাণবিক খাতে কর্মরত কর্মীদের সুরক্ষার জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং চিকিৎসক ও সাধারণ জনগণের জন্যও গুরুত্বপূর্ণ। পারমাণবিক খাতের মতোই যদি সিটি স্ক্যান বা অন্য রেডিওলজি প্রক্রিয়ায় দীর্ঘমেয়াদি বিকিরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে রোগীকে যেতে হয়, তবে একই রকম ঝুঁকি তৈরি হতে পারে।