বিক্রয়ে এখন প্রিমিয়াম সেবা

অনলাইনে পণ্য কেনাবেচার ওয়েবসাইট বিক্রয় ডটকম প্রিমিয়াম সেবা দিতে শুরু করেছে। বিক্রয়ে বিনা মূল্যে বিজ্ঞাপন দেওয়ার পাশাপাশি এই সেবার আওতায় বিক্রয় ডটকমের বিজ্ঞাপনদাতারা অর্থ খরচ করেও বিজ্ঞাপন দিতে পারবেন। ‘টপ অ্যাড’ এবং ‘ডেইলি বাম্প-আপ’ নামে বিজ্ঞাপন প্রচারের জন্য দুটি জায়গা বিক্রি করতে শুরু করেছে বিক্রয়।
বিক্রয় ডটকম কর্তৃপক্ষ জানিয়েছে, ৩৪৯ টাকা দিয়ে ওপরের দিকে দুটি জায়গায় এক সপ্তাহের জন্য বিজ্ঞাপন প্রচারের সুযোগ পাওয়া যাবে। এ বিজ্ঞাপনগুলো আকারে বড় এবং হলুদ রং দিয়ে চিহ্নিত করা থাকবে, যাতে ক্রেতার দৃষ্টি আকর্ষণ করে। ৯৯ টাকার বিনিময়ে সাত দিনের জন্য ‘ডেইলি বাম্প-আপ’ সার্ভিসটিতে গ্রাহকের বিজ্ঞাপন প্রতিদিন একবার করে তালিকার ওপরে চলে আসবে। নিয়মিত বিজ্ঞাপনের তুলনায় এ বিজ্ঞাপনগুলো পাঁচ গুণ বেশি গ্রাহকের নজরে আসবে। এই সেবা নিতে হলে বিজ্ঞাপন পোস্ট করার পর গ্রাহককে বিজ্ঞাপনের শেষ পাতায় ‘আপনার বিজ্ঞাপন প্রমোট করুন’ লেখা বাটনটিতে ক্লিক করতে হবে।
বিক্রয়ের বিপণন ব্যবস্থাপক ঈশিতা শারমিন বলেছেন, ‘আমাদের সাইটে প্রতিদিন অনেক বিজ্ঞাপন আসছে। নতুন দুটি সেবা এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে গ্রাহকের বিজ্ঞাপন আরও বেশিসংখ্যক ক্রেতার কাছে পৌঁছাতে পারে এবং ভালো দামে পণ্য বিক্রি করা যায়। এ ছাড়া নতুন এ সার্ভিসের পাশাপাশি গ্রাহকদের জন্য আগের মতোই বিনা মূল্যে বিক্রয় ডটকমে বিজ্ঞাপন পোস্টের সুযোগ অব্যাহত থাকবে।’
ঈশিতা শারমিন আরও জানিয়েছেন, এত দিন বিনা মূল্যে এই সাইট ব্যবহারের সুযোগ দেওয়া হলেও প্রিমিয়াম সেবার মাধ্যমে বিক্রয় ডটকম এখন থেকে আয় শুরু করেছে।