বিক্রি কমেছে ট্যাবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইফোন ৬ এর জনপ্রিয়তার কারণে আইপ্যাড মিনির বিক্রি কমে গেছে
আইফোন ৬ এর জনপ্রিয়তার কারণে আইপ্যাড মিনির বিক্রি কমে গেছে

২০১৩ সালে যেখানে প্রচুর ট্যাব বিক্রি হয়েছিল, ২০১৪ সালে এসে তা অনেকটাই কমে গেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির তথ্য অনুযায়ী, ২০১৪ সালে নাটকীয়ভাবেই থমকে গেছে ট্যাবলেটের দৌড়। এক খবরে এ তথ্য জানিয়েছে এএফপি।

গত বছরে ট্যাবলেট বিক্রি বেড়েছে মাত্র ৪.৪ শতাংশ, যেখানে ২০১৩ সালে ছিল ৫০ শতাংশের ওপরে। গ্রাহকদের বড় মাপের স্মার্টফোন, ফ্যাবলেট ও আলট্রামোবিলিক পিসির দিকে ঝুঁকে পড়ায় ট্যাব বিক্রি কমে গেছে।
২০১০ সালে আইপ্যাড বাজারে আসার পর থেকে চতুর্থ প্রান্তিক অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর এই তিন মাসে ট্যাব বিক্রি কমেছে সবচেয়ে বেশি। গত বছরের তুলনায় এ বছর চতুর্থ প্রান্তিকে ট্যাবলেট বিক্রি ৩.২ শতাংশ কমেছে। গত বছরের চতুর্থ প্রান্তিকে সাত কোটি ৬১ লাখ ইউনিট ট্যাব বিক্রি হয়েছিল।
অবশ্য, স্ট্র্যাটেজি অ্যানালাইটিকস নামের আরেকটি বাজার গবেষণাপ্রতিষ্ঠানের দাবি, চতুর্থ প্রান্তিকে সাত কোটি ৮৩ লাখ ইউনিট ট্যাব বিক্রি হয়েছে, যা গত প্রান্তিকের চেয়ে ১ শতাংশ বেশি।

স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের বিশ্লেষক এরিক স্মিথ বলেন, ‘আইফোন ৬ ও ৬ প্লাসের জনপ্রিয়তার কারণে আইপ্যাড মিনির বিক্রি কমে গেছে। এ ছাড়া ম্যাক পিসির বিক্রির কারণে আইপ্যাড এয়ার ২ বিক্রিতেও ভাটা পড়েছে।’
অবশ্য, ট্যাবলেট নির্মাতাদের জন্য ইতিবাচক ভবিষ্যদ্বাণী করছে বাজার গবেষণাপ্রতিষ্ঠান আইডিসি। প্রতিষ্ঠানটির বিশ্লেষকেরা বলছেন, এ বছর আবার চাঙা হবে ট্যাবলেটের বাজার।
আইডিসির বিশ্লেষক ফিলিপ বোচার্ড বলেন, ‘গত বছরে ট্যাব বিক্রি কমে যাওয়া সত্ত্বেও আমরা এ বছর ট্যাবলেট বিক্রি বাড়বে বলে পূর্বাভাস দিয়েছি। বিশেষ করে মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উন্মুক্ত হলে ট্যাবলেটের বাজারে তার বড় প্রভাব পড়বে।
ট্যাবলেটের বাজারে চতুর্থ প্রান্তিকের হিসাব অনুযায়ী শীর্ষে রয়েছে অ্যাপল। ১৮ শতাংশ আইপ্যাড বিক্রি কমে গেলেও আইডিসির মতে বর্তমানে বাজারের ২৮.১ শতাংশ অ্যাপলের দখলে আর স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের মতে, ২৭ শতাংশ অ্যাপলের দখলে। আইডিসির হিসেবে অ্যাপলের পরে ১৪.৫ শতাংশ বাজার দখল নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্যামসাং। ৪.৮ শতাংশ দখল নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে লেনোভো আর ৪ শতাংশ দখল নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে আসুস।