বিক্রি হওয়া দশটি উইন্ডোজ ফোনের একটি নকিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইন্ডোজ অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোন
উইন্ডোজ অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোন

ইউরোপের প্রধান স্মার্টফোন বাজারগুলোতে দ্রুত উইন্ডোজ অপারেটিং সিস্টেমনির্ভর ফোনের জনপ্রিয়তা বাড়ছে। বাজার গবেষণাপ্রতিষ্ঠান কানটার ওয়ার্ল্ডপ্যানেল কমটেকের তথ্য অনুযায়ী, জনপ্রিয় উইন্ডোজ ফোনগুলোর বেশির ভাগই নকিয়ার তৈরি।
গবেষকেরা বলছেন, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, ফ্রান্স ও স্পেনের বাজারে বিক্রি হওয়া ১০টি ফোনের মধ্যে অন্তত একটি উইন্ডোজ ফোন। এরই মধ্যে জনপ্রিয়তার দিক থেকে ইতালির বাজারে আইফোনকে পেছনে ফেলেছে উইন্ডোজ ফোন এবং লাতিন আমেরিকার বাজারেও দ্রুত এর জনপ্রিয়তা বাড়ছে।
বাজার গবেষকেরা বলছেন, উইন্ডোজ ফোনের জনপ্রিয়তা বাড়লেও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোন এখনো বাজারের সিংহভাগ দখল করে রেখেছে। ইউরোপের বাজারে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েডের দখলে রয়েছে ৭১.৯ শতাংশ, যা গত বছরের সেপ্টেম্বর মাসের তুলনায় ৪.২ শতাংশ বেশি।
গবেষকেদের বরাতে টেলিগ্রাফ অনলাইনের সাম্প্রতিক একটি প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের বাজারে অ্যান্ড্রয়েডের দখলে রয়েছে ৫৮.৪ শতাংশ আর উইন্ডোজের দখলে ১১.৪ শতাংশ। আগস্ট মাসের হিসাব অনুযায়ী কিছুটা কমেছে আইফোনের জনপ্রিয়তা। অবশ্য এ সময় আইফোনের নতুন সংস্করণ বাজারে আসেনি। আগস্ট মাস পর্যন্ত বাজারে দখল হারিয়েছে ব্ল্যাকবেরি।
বাজার গবেষকেদের মতে, ল্যাটিন আমেরিকায় নকিয়ার তৈরি ফিচার ফোন ব্যবহূত হয় বেশি। নকিয়া সিমবিয়ান ছেড়ে উইন্ডোজে আসার পর যে ক্রান্তিকাল অতিক্রম করেছে, এ সময় লাতিন আমেরিকায় বাজার হারিয়েছে প্রতিষ্ঠানটি। তবে উইন্ডোজের সাশ্রয়ী দামের স্মার্টফোনের কল্যাণে আবার বাজারে ঘুরে দাঁড়াচ্ছে নকিয়া।