বিক্রি হচ্ছে কোডাক গ্যালারি
ইস্টম্যান কোডাক বৃহস্পতিবার তাদের অনলাইন ফটো সার্ভিস ‘কোডাক গ্যালারি’ বিক্রি করে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে। অনলাইন ফটো পাবলিশিং কোম্পানি শাটারফ্লাই ইনকরপোরেশন ২৩.৮ মিলিয়ন ডলারে কিনে নিতে পারে ‘কোডাক গ্যালারি’ সার্ভিসটি। হাফিংটন পোস্ট এক খবরে এ তথ্য জানিয়েছে। কোডাকের দেওয়া তথ্য অনুসারে অনলাইন ফটো সার্ভিস কোডাক গ্যালারিতে ৭৫ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে। কোডাক গ্যালারি কিনে নেওয়ার পর সব তথ্যই চলে যাবে শাটারফ্লাইয়ের কাছে। তবে ছবি ডাউনলোড করে নেওয়ার সুযোগ রাখছে কোডাক। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, কয়েক দশক ধরেই বাজারে পিছিয়ে পড়ছিল কোডাক। সনি, ক্যাননের তৈরি ডিজিটাল ক্যামেরার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় টিকতে না পেরে পিছিয়ে পড়ছিল প্রতিষ্ঠানটি। এ ছাড়া স্মার্টফোন ডিজিটাল ক্যামেরার জায়গা দখল করার কারণে বাজারে কোডাকের ডিজিটাল ক্যামেরার জনপ্রিয়তায় ভাটা পড়ছিল। বিশাল দেনার দায় এড়াতে ২০১২ সালের জানুয়ারি মাসে দেউলিয়া ঘোষণার জন্য আদালতে আবেদন করে কোডাক। আবেদনের পর নিজেদের ডিজিটাল পেটেন্ট বিক্রির জন্য ক্রেতা খুঁজতেও শুরু করে প্রতিষ্ঠানটি। ওই সময় লোকসান কমাতে কোডাক পণ্য নির্মাণ বন্ধ ঘোষণা করছে বলেও এক খবরে জানিয়েছিল টাইমস। এবার জানাল ‘কোডাক গ্যালারি’ বিক্রির পরিকল্পনার কথা। ইস্টম্যান কোডাক কোম্পানি সাধারণভাবে ‘কোডাক’ নামে পরিচিত। নিউইয়র্কের রোচেস্টারে অবস্থিত এ প্রতিষ্ঠানটি ক্যামেরা ও ফটোগ্রাফির ফিল্ম তৈরির জন্য বিখ্যাত। ১৮৮০ সালে জর্জ ইস্টম্যান প্রতিষ্ঠা করেন কোডাক। ব্রাউনি ও ইনস্টাম্যাটিক নামের ক্যামেরার সঙ্গে বিশ্বের পরিচয় করিয়ে দিয়েছিল এই প্রতিষ্ঠানটি। কোডাক জানিয়েছে, চলতি বছরের জুনেই ডিজিটাল ক্যামেরার ব্যবসা থেকে সরে যাবে তারা। এরপর বিভিন্ন সার্ভিসও বন্ধ করে দেবে। ক্যামেরা ও সার্ভিস ব্যবসা থেকে সরে গেলেও জনপ্রিয় প্রিন্টার ইংকজেটের ব্যবসা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে কোডাক।