বিক্রি হচ্ছে না কম্পিউটার!
বলা চলে, প্রায় হঠাত্ করেই গত তিন মাসে কম্পিউটার বিক্রির পরিমাণ কমে গেছে। বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান গার্টনারের সাম্প্রতিক তথ্য অনুয়ায়ী, জুলাই থেকে সেপ্টেম্বর—এ তিন মাসে সারা বিশ্বে কম্পিউটার বিক্রি কমেছে ৮ শতাংশ। খবর বিবিসির।এ প্রসঙ্গে গার্টনারের প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, বাজারে কম্পিউটার বিক্রি কমে যাওয়ার পেছনের কারণটি হতে পারে মাইক্রোসফটের উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম। ২৬ অক্টোবর নতুন এ অপারেটিং সিস্টেম বাজারে আনবে মাইক্রোসফট। এ অপারেটিং সিস্টেমনির্ভর কম্পিউটার তৈরির ঘোষণা দিয়ে রেখেছে গুরুত্বপূর্ণ কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠানগুলো। নতুন অপারেটিং সিস্টেমনির্ভর কম্পিউটারের জন্য অপেক্ষায় আছেন প্রযুক্তিপ্রেমীরা। তাই গত তিন মাসে বিশ্বজুড়েই কম্পিউটার বিক্রি কমে গেছে। অবশ্য ডেস্কটপ কম্পিউটারের বাজার কমে যাওয়ার অন্যতম আরেকটি কারণ হিসেবে গার্টনারের প্রযুক্তি বিশ্লেষকেরা দায়ী করছেন ট্যাবলেট কম্পিউটারকে। গবেষকদের মতে, বর্তমানে বাজারে স্মার্টফোন ও ট্যাবলেটের চাহিদার কারণেই কম্পিউটারে আগ্রহ কমছে। গবেষকদের মতে, ২০১১ সালের তুলনায় ২০১২ সালে স্মার্টফোন ও ট্যাবলেটের বাজার বেড়েছে আর তুলনামূলকভাবে কমেছে কম্পিউটারের বাজার। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে এবং কম্পিউটারের বাজার সংকুচিত হতে থাকবে।গবেষকদের মতে, দুই দশক ধরেই প্রযুক্তির বাজার একচেটিয়া দখলে রেখেছিল ব্যক্তিগত কম্পিউটার। তবে সাম্প্রতিক সময়ে কম্পিউটারের অনেক কাজ স্মার্টফোন ও ট্যাবলেটে করা যায়। পাশাপাশি এ পণ্যগুলোকে স্ক্রিন ও কি-বোর্ডের সঙ্গে জুড়ে দিয়ে কম্পিউটারের বিকল্প হিসেবেও ব্যবহার করা যায়। কম্পিউটারের বাজার সংকুচিত হলে মাইক্রোসফট, এইচপি, ডেল ও প্রসেসর নির্মাতা ইনটেলকেই বেশি ভুগতে হবে। তবে প্রতিষ্ঠানগুলো টিকে থাকতে কম্পিউটারের পাশাপাশি অন্যান্য পণ্য তৈরিতেও কাজ করছে।