বিক্রি হচ্ছে না হোয়াটসঅ্যাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষপর্যন্ত গুগলের কাছে হোয়াটসঅ্যাপ বিক্রি হচ্ছে না বলেই জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। সম্প্রতি প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ওয়েবসাইট প্রচার করেছিল যে, ১০০ কোটি মার্কিন ডলারে হোয়াটসঅ্যাপ নামের জনপ্রিয় মেসেঞ্জার সেবাটি কিনে নিচ্ছে গুগল। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এ গুজব উড়িয়ে দিয়ে জানিয়েছে, জনপ্রিয় সেবাটি গুগলের কাছে বিক্রি নিয়ে কোনো আলোচনা হয়নি। আজ ৯ এপ্রিল এক খবরে এ তথ্য জানিয়েছে অল থিংস ডিজিটাল।স্মার্টফোনের জনপ্রিয় অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপকে বর্তমানে ফেসবুকের প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করছেন গবেষকেরা। প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, মেসেজিং অ্যাপ্লিকেশন হিসেবে এখনো ফেসবুকের মতো বিশাল ব্যবহারকারী সম্প্রদায় হোয়াটসঅ্যাপে তৈরি না হলেও উত্তর আমেরিকা ও এশিয়ায় তরুণদের মাঝে দ্রুত বাড়ছে হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা। স্মার্টফোনে সামাজিক যোগাযোগের অভিজ্ঞতা দেওয়ার পাশাপাশি সব ধরনের মোবাইল প্ল্যাটফর্মে বার্তা পাঠানোর সুবিধা থাকায় তরুণরা স্মার্টফোনের অ্যাপ্লিকেশনটির দিকে ঝুঁকে পড়ছেন।হোয়াটসঅ্যাপ বিক্রির গুজব সম্পর্কে প্রতিষ্ঠানটির ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান নিরাজ অরোরা জানিয়েছেন, হোয়াটসঅ্যাপ বিক্রি নিয়ে গুগলের সঙ্গে কোনো আলোচনা করা হচ্ছে না। এর আগেও হোয়াটসঅ্যাপ বিক্রির গুজব ছড়িয়েছিল। সেসময় ফেসবুক কর্তৃপক্ষ হোয়াটসঅ্যাপ কিনছে বলে গুজব ছড়িয়েছিল। কিন্তু এ ধরনের গুজবের কোনো ভিত্তি নেই।