বিক্রি হলো ভাইবার

ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন ভাইবার মিডিয়াকে ৯০ কোটি মার্কিন ডলারে কিনে নিচ্ছে জাপানের ই-কমার্স কোম্পানি রাকুটেন। এশিয়ার দ্রুত বর্ধনশীল বাজারগুলোতে ব্যবসা প্রসারের লক্ষ্যে জাপানের প্রতিষ্ঠানটি ভাইবারকে কাজে লাগানোর পরিকল্পনা করছে। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
রাকুটেন কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি উদ্যোক্তা টালমন মার্কোর তৈরি সাইপ্রাসভিত্তিক ইনস্ট্যান্ট মোবাইল অ্যাপ ভাইবার মিডিয়া কেনা সম্ভব হবে, পাশাপাশি শিগগিরই আরও ৩০ কোটি গ্রাহক বাড়ানো সম্ভব হবে। বর্তমানে ২০ কোটির বেশি ব্যবহারকারী ভাইবার অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ভিডিওকল, বার্তা আদান-প্রদান করেন।
এক বিজ্ঞপ্তিতে জাপানের ই-কমার্স প্রতিষ্ঠানটি জানিয়েছে, জাপানের রাকুটেন বিশ্বের শীর্ষ ইন্টারনেট সার্ভিস কোম্পানি হিসেবে উঠে আসার পরিকল্পনা করেছে। ভাইবার কেনার ফলে নানা রকম ডিজিটাল কনটেন্ট সেবা দিতে পারবে রাকুটেন।
|
রাকুটেনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী হিরোশি মিকিটামি জানিয়েছেন, ‘রাকুটেন পরিবারে ভাইবারকে যুক্ত করতে পেরে আমি আনন্দিত। মানুষের চাহিদার কথা মাথায় রেখেই রাকুটেন প্ল্যাটফর্মটি তৈরি। রাকুটেন আরও বেশি মানুষের কাছে ভাইবারকে পৌঁছে দেওয়ার কাজ করবে।’
ভাইবারের উদ্যোক্তা টালমন মার্কো জানিয়েছেন, ভাইবারকে বিশ্বের শীর্ষ যোগাযোগের প্ল্যাটফর্ম হিসেবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে রাকুটেনের সঙ্গে যুক্ত হচ্ছেন।