বিক্রিতে আইফোনকে হারাচ্ছেগ্যালাক্সি
বাজার মাত করে দিল স্যামসাং। দক্ষিণ কোরিয়ার এই প্রতিষ্ঠানটির তৈরি গ্যালাক্সি এস মুঠোফোন রেকর্ডসংখ্যক বিক্রি হয়েছে চলতি বছরের এপ্রিল থেকে জুন মাসে। হিসাব-পত্তর ঘেঁটে দেখা গেছে, এই তিন মাসে স্যামসাংয়ের স্মার্টফোন বিক্রি হয়েছে এক কোটি ৮০ লাখ থেকে দুই কোটি ১০ লাখের মতো। এই বিক্রির হার অ্যাপলের আইফোনের চেয়ে বেশি। স্যামসাংয়ের স্মার্টফোন বিক্রির দিক থেকে নিজেদের রেকর্ড তো ভেঙেছেই, পেছনে ফেলেছে নকিয়া এবং অ্যাপলের মতো প্রতিষ্ঠানকেও। এই তথ্য পাওয়া গেছে বোস্টন-ভিত্তিক এক বিশ্লেষক-প্রতিষ্ঠানের বিশ্লেষক নিল মওসটনের গবেষণা থেকে। তিনি জানিয়েছেন, এপ্রিল থেকে জুন মাসে নকিয়ার স্মার্টফোন গোটা দুনিয়ায় বিক্রি হয়েছে এক কোটি ৬৭ লাখ। আর অ্যাপলের আইফোন বিক্রি হয়েছে দুই কোটি ৩০ লাখ। নিল মওসটন বললেন, ‘স্যামসাংয়ের অ্যান্ড্রয়েডচালিত এই মুঠোফোনগুলো বিশ্বব্যাপী বেশ দাপটের সঙ্গে ব্যবসা করেছে। এখন স্যামসাং যদি ব্রাজিল এবং চীনের মতো দেশগুলোতে ভালো প্রভাব বিস্তার করতে পারে, তবে শীর্ষ আসনে আরোহণ সময়ের ব্যাপার মাত্র। এ বছরের শেষে স্মার্টফোনের বাজারে স্যামসাং এবং অ্যাপল একই রকম অবস্থানে থাকবে।’ কেবল তাই নয়, নকিয়াকেও ছুঁয়ে ফেলতে যাচ্ছে স্যামসাং। সাধারণ মুঠোফোন এবং স্মার্টফোনের জনপ্রিয়তার ফলে এই প্রতিষ্ঠানটি এ বছর শেয়ারবাজারে সম্ভবত ২০ শতাংশ জায়গা দখল করতে যাচ্ছে। যেখানে এখন নকিয়ার শেয়ার ২৬ শতাংশ। শেয়ারবাজারে এবারই প্রথম এত কাছাকাছি অবস্থানে এল এই দুই মুঠোফোন নির্মাতাপ্রতিষ্ঠান। এ ছাড়া গত সপ্তাহে চীনের পাঁচটি শহরে নতুন গ্যালাক্সি হ্যান্ডসেট ছেড়েছে স্যামসাং। স্বল্প মূল্যের মুঠোফোনের ব্যাপারেও সমান মনোযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। নিজস্ব বাডা সফটওয়্যার দিয়ে চালিত আরও কিছু নতুন মুঠোফোনও বাজারে আসছে শিগগিরই। —ওয়েবসাইট অবলম্বনে মাহফুজ রহমান