বিক্রিতে স্মার্টফোন ছাড়িয়ে গেল কম্পিউটারকে
বিক্রির দিক থেকে কম্পিউটারকে ছাড়িয়ে গেছে স্মার্টফোন। ২০১১ সালে যে পরিমাণ স্মার্টফোন বিক্রি হয়েছে, তা ইউনিট হিসেবে কম্পিউটারের তুলনায় বেশি। গতকাল শুক্রবার বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিস এ তথ্য দিয়েছে। ক্যানালিস জানিয়েছে, ২০১১ সালে স্মার্টফোন বিক্রি হয়েছে ৪৮ কোটি ৭৭ লাখ ইউনিট আর কম্পিউটার বিক্রি হয়েছে ৪১ কোটি ৪৬ লাখ ইউনিট।২০১১ সালে স্মার্টফোন বিক্রির হার বেড়ে হয়েছে ৬২ দশমিক ৭ শতাংশ। স্মার্টফোন বিক্রিতে প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে রয়েছে অ্যাপল। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্যামসাং ও নকিয়া। ২০১১ সালের জুলাই থেকে অক্টোবর মাসে তিন কোটি ৭০ লাখ ইউনিট আইফোন বিক্রি করেছে অ্যাপল, যা বছরের একক প্রতিষ্ঠান হিসেবে স্মার্টফোন বিক্রির রেকর্ড। উল্লেখ্য, ২০১০ সালে নকিয়া এক মৌসুমে দুই কোটি ৮৩ লাখ স্মার্টফোন বিক্রি করেছিল।ক্যানালিসের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধান বিশ্লেষক ক্রিস জোনস জানিয়েছেন, বিক্রির দিক থেকে কম্পিউটারের তুলনায় স্মার্টফোনের এগিয়ে যাওয়ার ঘটনা একটি মাইলফলক। কয়েক বছরের মধ্যেই স্মার্টফোন ছোট একটি পণ্য থেকে বিশাল পণ্য বাজারে পরিণত হয়েছে। কম দামে স্মার্টফোন প্রাপ্তি এ বাজারকে আরও সম্প্রসারিত করেছে। ইন্টারনেট ব্রাউজিং, ভিডিও ও বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা থাকায় স্মার্টফোন বিক্রি বেড়ে গেছে।বিক্রির দিক থেকে স্মার্টফোনের কাছে কম্পিউটারের হার হলেও এখনই কম্পিউটারের যুগ শেষ—এমন কথা মানতে নারাজ বিশেষজ্ঞরা। গবেষকদের মতে, ২০১১ সালে কম্পিউটার বিক্রি বেড়েছে ১৪ দশমিক ৮ শতাংশ। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ট্যাবলেট কম্পিউটার। প্রচলিত কম্পিউটারের তুলনায় মানুষের আগ্রহ ট্যাবলেট ডিভাইসের প্রতি বেশি। নেটবুক ও নোটবুকের বাজার পড়তির দিকে হলেও বর্তমানে কম্পিউটারের বাজার ভিন্নদিকে মোড় নিচ্ছে বলেই বিশ্লেষকেরা ধারণা করছেন। ভবিষ্যতে কম্পিউটারের বাজারে হালকা-পাতলা মডেলের নেটবুক এবং ল্যাপটপের সমন্বয়ে তৈরি ‘আল্ট্রাবুক’ অগ্রণী ভূমিকা রাখতে পারে, এমনটাই ধারণা করছেন বিশ্লেষকেরা।