বিখ্যাতদের মজার ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

প্লেটো এবং মুরগি
প্লেটো একবার বললেন, ‘মানুষ হলো একটি পালকবিহীন দুই পাবিশিষ্ট প্রাণী।’
এর কিছুদিন পর এক গবেষক একটি পালকবিহীন মুরগি নিয়ে প্লেটোর ক্লাসে হাজির হলেন। বললেন, ‘দেখো দেখো! এই হলো প্লেটোর মানুষ!’
শিশু মার্ক টোয়েন
মার্ক টোয়েন একবার ট্রেনে চড়েছেন। একে তো ট্রেন এসেছিল দেরি করে, তার ওপর ট্রেনটি চলছিলও খুব ধীরগতিতে। এমন সময় কন্ডাক্টর ভাড়া চাইতে এলেন। টোয়েন তাঁর হাতে অর্ধেক ভাড়া ধরিয়ে দিলেন।
কন্ডাক্টর রাগতস্বরে বললেন, ‘অর্ধেক ভাড়া দিলেন কেন মশাই? অর্ধেক ভাড়া তো শিশুদের জন্য। আপনি কি শিশু?’
টোয়েন উত্তর করলেন, ‘না, শিশু নই। তবে তোমার ট্রেনে যখন উঠেছিলাম, তখন মনে হয় শিশুই ছিলাম।’
অল্প কথার চিঠি
জার্মান লেখক এবং রাজনীতিবিদ জোহান ওল্ফগ্যাং একবার বন্ধুর কাছে বিশাল এক চিঠি লিখলেন। চিঠির শেষে ‘বি. দ্র.’ দিয়ে লেখা ছিল, ‘দুঃখিত। সময়স্বল্পতার কারণে চিঠিটা অল্প কথায় লিখতে পারলাম না।’
নিলস বোরের পরীক্ষার খাতা
পরমাণু মডেলের জনক নিলস বোর। ছোটবেলায় পরীক্ষা দিয়ে বাড়ি ফিরলেই মা তাকে জিজ্ঞেস করতেন, ‘খোকা, কেমন হলো পরীক্ষা?’
বোর বলতেন, ‘ভালো।’
এক দিন, দুই দিন, তিন দিন... প্রতিদিন মায়ের একই প্রশ্ন।
এভাবে একদিন স্কুল থেকে ফেরার পর আবারও মা জিজ্ঞেস করলেন, ‘খোকা, কেমন হলো পরীক্ষা?’
বোর ব্যাগ থেকে পরীক্ষার খাতা বের করে দিলেন মায়ের হাতে। ‘আজ আর খাতা জমা দিইনি। বাসায় নিয়ে এলাম। তুমি নিজেই দেখে নাও, আমি কেমন পরীক্ষা দিই!’
কোনান ডয়েলের ভাগাভাগি
মঞ্চনাটক দেখতে গিয়ে একবার এক কিশোরের অভিনয় দেখে মুগ্ধ হলেন আর্থার কোনান ডয়েল। ছেলেটিকে কাছে ডেকে বললেন, ‘চালিয়ে যাও। তোমার মধ্যে প্রতিভা আছে। অনেক নাম হবে তোমার।’
শুনে ছেলেটি প্রস্তাব করল, ‘আপনি আর আমি কি একসঙ্গে কাজ করতে পারি? দুজনের আয় নাহয় সমান ভাগে ভাগ করে নেব।’ এমন ধৃষ্টতা দেখে কিছুটা বিরক্তই হয়েছিলেন ডয়েল। বাচ্চা ছেলের আবদার ভেবে তিনি খুব একটা পাত্তা দেননি।
বড় হয়ে সেই কিশোর সত্যিই দুনিয়া মাতিয়েছিল। আমরা তাকে চার্লি চ্যাপলিন নামে চিনি!
সংগ্রহ: মো. সাইফুল্লাহ