
জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে একবার রবীন্দ্রনাথের বিসর্জন নাটকের মহড়া চলছিল। নাটকে রঘুপতি সেজেছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর, আর জয়সিংহের ভূমিকায় স্বয়ং রবীন্দ্রনাথ। একটা দৃশ্য ছিল এমন, জয়সিংহের মৃতদেহের ওপর আছড়ে পড়ে শোকবিহ্বল রঘুপতি।
দৃশ্যটার মহড়া চলছিল বারবার। দীনেন্দ্রনাথ বাবু ছিলেন কিছুটা স্থূলকায়। বারবার তাঁর ভার বহন করা কবিগুরুর জন্য কঠিন হয়ে পড়ছিল। একবার দীনেন্দ্রনাথ একটু বেকায়দায় রবিঠাকুরের ওপর আছড়ে পড়লেন। রবীন্দ্রনাথ কঁকিয়ে উঠে বললেন, ‘ওহে দিনু, মনে করিস নে আমি সত্যি সত্যিই মারা গেছি!’
মার্ক টোয়েনের মিথ্যা
মঞ্চাভিনেতা হেনরি আরভিং ও মার্ক টোয়েন খুব ভালো বন্ধু ছিলেন। একবার হেনরি একটা মজার গল্প বলছিলেন মার্ক টোয়েনকে। গল্পের মাঝখানে থেমে গিয়ে হেনরি বললেন, ‘মার্ক, গল্পটা তুমি আগে শোনোনি তো? শুনলে বলো। আমার সময় নষ্ট কোরো না।’
মার্ক টোয়েন বললেন, ‘না, শুনিনি। তুমি বলো।’
হেনরি বলতে শুরু করলেন। বলতে বলতে আবার থেমে গেলেন। ভ্রু কুঁচকে তাকালেন টোয়েনের দিকে। বললেন, ‘সত্যি করে বলো, তুমি গল্পটা শুনেছো?’ টোয়েন আগের মতোই ‘না’ বললেন।
গল্পের একেবারে শেষ পর্যায়ে গিয়ে আবারও থেমে গেলেন হেনরি। ‘উফ! এত মজার একটা গল্পের ব্যাপারে তোমার কোনো আগ্রহই দেখছি না। সত্যি করে বলো, গল্পটা শুনেছ?’
মার্ক টোয়েন বললেন, ‘দেখো, বন্ধুত্বের খাতিরে আমি একবার মিথ্যা বলতে পারি। দুবার মিথ্যা বলতে পারি। কিন্তু তিনবার পারি না। গল্পটা আমি শুনেছি। শুধু তা-ই না, গল্পটা আমারই লেখা!’
সূত্র: উইকি কোটস
তথ্য সত্য
থর ছবিটি নির্মাণের জন্য নিউ মেক্সিকোর গ্যালিস্টিওতে আস্ত একটা শহর তৈরি করতে হয়েছিল।
ইটস অ্যা ওয়ান্ডারফুল লাইফ ছবিতে ব্রিজের দৃশ্যটি ধারণ করা হয়েছিল প্রচণ্ড গরমের দিনে। তাই পেছনে তুষার পড়া সত্ত্বেও অভিনেতা জেমস স্টুয়ার্টকে ঘামতে দেখা যায়।
হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার ছবির শেষে লেখা ওঠে, ‘ছবির চিত্রায়ণের সময় কোনো ড্রাগনকে আঘাত করা হয়নি!’