বিচারিক কাজে ই-সিস্টেম চালুর উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচার বিভাগের বিচারিক কার্যক্রমে তথ্যপ্রযুক্তির ব্যবহার করে স্বল্প সময়ে জনগণকে সেবা দিতে ই-সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়নে ইউএনডিপির সহায়তায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে বাস্তবায়নাধীন দ্য জুডিশিয়াল স্ট্রেংদেনিং প্রজেক্ট (জাস্ট), ইউএনডিপি ও ইউএসএইডের অর্থায়নে অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি যৌথভাবে কাজ করবে। এ ব্যাপারে রোববার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। খবর বিজ্ঞপ্তির।
এই সমঝোতা চুক্তির মাধ্যমে এটুআই বিচারব্যবস্থার জন্য একটি প্রযুক্তিগত ব্যবস্থা (যেমন ই-কোর্ট) তৈরি করবে। যে ব্যবস্থায় ইতিমধ্যে তৈরি করা কোনো বিচারিক ই-সেবা যুক্ত (প্লাগ-ইন) করা যাবে। এই ব্যবস্থার মাধ্যমে জুডিশিয়াল ই-সিস্টেমের জন্য যে ডেটাবেইস তৈরি করা হবে, সেটি ব্যবহারের জন্য উন্মুক্ত ডেটা লেয়ার থাকবে।
সমঝোতা স্মারকে সই করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআইয়ের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ও জাস্ট প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম। বিশেষ অতিথি ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক এবং ইউএনডিপি বাংলাদেশের উপ কান্ট্রি ডিরেক্টর নিক বেরেসফোর্ড।