বিচিত্র ভুবন

উরুগুয়ে ভূত!
৬৪ বছর আগে, ১৯৫০ বিশ্বকাপের সেই অলিখিত ফাইনালে উরুগুয়ের বিপক্ষে ২-১ গোলের পরাজয় ব্রাজিলিয়ানদের বুকে আজও বিঁধে শেলের মতো। খেলা শেষের ১০ মিনিট আগে উরুগুয়ের পক্ষে ঘিগিয়া যখন জয়সূচক গোল করলেন, মুহূর্তের মধ্যে মারাকানায় নেমে এল শ্মশানের নিস্তব্ধতা। সেটিই পরিচিত পেল ‘মারাকানাজো’ (মারাকানা বিপর্যয়) নামে। ব্রাজিলিয়ানরা এখনো বলে, ওই পরাজয় এখনো ভূতের মতো আছর করে আছে মারাকানায়! ঘরের মাঠে আবার বিশ্বকাপ। ফুটবল-পাগল ব্রাজিলে লেগেছে বিশ্বকাপের ঢেউ। দেয়ালে দেয়ালে ছেয়ে গেছে নানা চিত্রকর্ম। সত্যিকারের নেইমারকে কখনো হাতছোঁয়া দূরত্বে পাবেন কি না জানা নেই। তাতে কি! দেয়ালে তো আছেন! ছবির নেইমারকেই চুমু খেয়ে ‘সাধ’ মেটালেন এই নারী-সমর্থক! পেছনে কিন্তু সেই ভূতও আছে! এএফপি ও রয়টার্স

মশা থেকে সাবধান!
ব্রাজিলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা শঙ্কা-গুঞ্জন ভাসছে বাতাসে। মারামারি, সংঘর্ষ, ছিনতাই, রাহাজানি ইত্যাকার সমস্যায় আকীর্ণ ব্রাজিলকে নিয়ে ফুটবলপ্রেমীদের বেশুমার চিন্তা। তবে শুধু মনুষ্য প্রজাতি নিয়ে নয়, চিন্তা আছে প্রাণীকুলের ক্ষুদ্র কীট মশাকে নিয়েও। ব্রাজিলের মশকবাহিনী হাজির হয় রীতিমতো জীবননাশের বার্তা নিয়ে! এ কারণে আর্জেন্টিনা দূতাবাস তাদের সমর্থকদের পরামর্শ দিয়েছে, ‘মশা তাড়ানোর ওষুধ ব্যবহার করুন। এটি ডেঙ্গুজ্বরের ভাইরাস বহনকারী মশা থেকে আপনাকে সুরক্ষা দেবে।’ রয়টার্স
প্রেমিকার ক্ষোভ
ফ্রান্স বিশ্বকাপ দলে জায়গা পাননি সামির নাসরি। এতেই রীতিমতো ফুঁসেছেন ফরাসি মিডফিল্ডার-প্রেমিকা আনারা আটানেস। প্রেমিকপ্রবরের প্রতি এমন ‘অবিচার’ সইতে না পেরে আটানেস টুইটারে অকথ্য ভাষায় গালাগালি করেছেন ফরাসি কোচ দিদিয়ের দেশমকে! শেষ পর্যন্ত প্রেমিকাকে সামলাতে হয়েছে ‘শোকাহত’ নাসরিকেই! টুইটারে তিনি প্রিয়তমাকে লিখেছেন, ‘আনারা, ভালোবাসি তোমায়। হতাশ হয়ো না। জীবনে কখনো কখনো এমন অন্যায্য ঘটনা ঘটে। কিন্তু এটা স্বীকার করে নিতেই হবে এবং তা মোকাবিলা করতে হবে।’ প্রেমিকা এখন বুঝলে হয়! ডেইলি মেইল
গ্রন্থনা: রানা আব্বাস