বিচিত্র ভুবন


স্টিকারের লাগিয়া
মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে জড়ো হয়েছে হাজার হাজার মানুষ। প্রথমে মনে হতে পারে, স্টেডিয়ামে বুঝি বিরাট মেলার আয়োজন করা হয়েছে। ভুল ভাঙবে যখন জানবেন হাজার হাজার মানুষ সমবেত হয়েছে মূলত স্টিকার সংগ্রহের উদ্দেশ্যে। মনে পড়বে, ছেলেবেলায় প্রিয় খেলোয়াড় বা দলের স্টিকার সংগ্রহ কিংবা বন্ধুদের সঙ্গে সেটা অদলবদলের শখ ছিল অনেকেরই। কিন্তু এখানে চিত্রটা ভিন্ন। ফিফা বিশ্বকাপ অ্যালবাম থেকে স্টিকার অদলবদলের জন্য কেবল শিশু নয়, এসেছে ছেলে-বুড়ো সবাই। ১৯৭০ বিশ্বকাপের আয়োজক ছিল মেক্সিকো। তখন থেকে ইতালির প্রকাশনা কোম্পানি ‘পানিনি’ প্রতি বিশ্বকাপের আগে আয়োজন করে এ কর্মসূচি। এবারও করেছে। সে টানেই হাজার হাজার মেক্সিকান ছুটে এসেছে স্টেডিয়ামে! রয়টার্স
বুটে চুমু!
আবেগের তোড়ে মানুষ কত কিছুই না করে। এই কদিন আগে লিওনেল মেসির বুট মুছে দিলেন এক ভক্ত! ভক্তরা এমন করতেই পারেন। তাই বলে খেলোয়াড় চুমু দেবে সতীর্থের বুটে! গ্রুপপর্বের ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে মেক্সিকোর ৬১ মিনিটে জয়সূচক গোলটি করেন অরিবে পেরালতা। অমনি এক কাণ্ড করে বসলেন সতীর্থ মিগুয়েল লাইয়ুন। পেরালতার বাঁ পা নিজের হাঁটুর ওপর উঠিয়ে নিয়ে দিলেন চুমু! তবে এ দৃশ্য মোটেও ভালো লাগেনি কলম্বিয়ান রেফারি উইলমার রোলদানের—রেফারির অভিব্যক্তি যেন সেটিই বলছিল! এএফপি
গ্রন্থনা: রানা আব্বাস