বিচিত্র ভুবন

সাত যমজ
ম্যাকাফে পরিবারের জন্য সময়টা ছিল খুবই কঠিন। ১৯৯৭ সালের ১৯ নভেম্বর, মা ববি ম্যাকাফের কোলজুড়ে এসেছিল ফুটফুটে সন্তান। একটি কিংবা দুটি নয়, গুনে গুনে সাতটি! সাতটি শিশুর শারীরিক অবস্থাই ছিল খুব নাজুক। চিন্তিত মুখে চিকিৎসক বলেছিলেন, ‘কজনকে বাঁচাতে পারব জানি না।’ এরপর কেটে গেছে ১৬ বছর। চিকিৎসকের শঙ্কাকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি সুস্থ আছে কেনি-ববি দম্পতির সন্তানেরা। জন্মের পরপরই মিডিয়ায় ব্যাপক আলোড়ন তুলেছিল তারা। সংখ্যা ও বয়সের দিক থেকে বিশ্বের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ এই যমজের দলকে (ছবিতে বড় বোনসহ) তাই ১৬তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে অনেকেই। সবাই খুশি হলেও খুব বেশি খুশি মনে হলো না মা ববিকে। ভারাক্রান্ত কণ্ঠে তিনি বলেছেন, ‘কোন ফাঁকে যে ওরা এত বড় হয়ে গেল, টেরই পাইনি।’ বহু কষ্ট করে সন্তানদের মানুষ করেছেন ববি। সংবাদমাধ্যমকে জানিয়েছেন, একসময় প্রতিদিন সন্তানদের মোট প্রায় ৪২ বোতল দুধ খাওয়াতে হতো। আর ডায়াপার বদলে দিতে হতো প্রায় ৫২ বার! ডেইলিমেইল।

নিজের তোলা নিজের ছবি
এখনকার দিনে ক্যামেরা সহজলভ্য বস্তু। ছবি তুলতে কোনো উপলক্ষও প্রয়োজন হয় না। আয়নার সামনে দাঁড়িয়ে নানা ভঙ্গিমায় নিজের ছবি তোলার একটা চলও তৈরি হয়েছে বহু আগেই। ফেসবুকের কল্যাণে এমন ছবি হরহামেশা চোখে পড়ে। কিন্তু প্রথম নিজের তোলা নিজের ছবি ছিল কোনটি? গবেষকেরা ধারণা করছেন, ১৯ শতকের এই ভদ্রমহিলাই প্রথম আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ছবি তুলেছিলেন। ছবিতে আলোকচিত্রীর সঙ্গে চোখে পড়ছে তাঁর কোডাক বক্স ব্রাউনি ক্যামেরাটিও। ডেইলিমেইল।

পেঙ্গুইন সাজ
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেতে কত বিচিত্র কাজই না মানুষ করে! ১৪ নভেম্বর ছিল নবম গিনেস দিবস। আগের বিভিন্ন রেকর্ড ভাঙার জন্য এই দিনকে বেছে নিয়েছিল বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। তেমনি একটি আয়োজন ছিল লন্ডনের ক্যানারি হোয়ার্ফে। ৩২৫ জন মানুষ পেঙ্গুইনের পোশাক পরে হাজির হয়েছিল নির্ধারিত স্থানে। তাদের উদ্যোগ সফলও হয়েছে। ইতিমধ্যেই বিশ্বের সর্বাধিক সংখ্যক পেঙ্গুইনবেশী মানুষের সম্মেলন হিসেবে স্বীকৃতি পেয়েছে তারা। আজব এই কীর্তির পেছনে অবশ্য একটা মহৎ উদ্দেশ্যও ছিল। এ কাজের মাধ্যমে একটি শিশু হাসপাতালের জন্য তহবিল গঠন করেছে তারা। অরেঞ্জনিউজ।