২৫ মার্চ রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিজ্ঞান একাডেমী আয়োজিত জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০১১ অনুষ্ঠিত হলো। স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক এবং বিজ্ঞান শিক্ষায় উৎসাহিত করতে দেশের বিজ্ঞানীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ বিজ্ঞান একাডেমী ২০১০ সাল থেকে এই অলিম্পিয়াড আয়োজন করছে। এবার দেশের ১২টি কেন্দ্র থেকে এসএসসি ও এইচএসসি পর্যায়ে প্রায় ৩০০ ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশ নেয়। চূড়ান্ত পর্বের প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর সভাপতি ও বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী অধ্যাপক এম শমসের আলী এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শাহ এ আলম।সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ছাত্রদের জীববিজ্ঞান, রসায়নশাস্ত্র, পদার্থবিজ্ঞান ও গণিতে ১৫টি করে প্রশ্নের উত্তর করতে হয়। প্রতিযোগিতার এসএসসি গ্রুপে ২৫ ও এইচএসসি গ্রুপে ২৪ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। এসএসসি গ্রুপে চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের ফয়সাল বিন কাসেম (প্রথম), সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজের সৌমিত্র দাস (দ্বিতীয়), আবদুল মুনতাকিম রাফি (তৃতীয়), রাজউক উত্তরা মডেল স্কুল ও কলেজের মাহাথির আহমদ (চতুর্থ), চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যায়ের সৌরভ দাস (পঞ্চম) এবং এইচএসসি গ্রুপে নটর ডেম কলেজের কাজী জায়েব (প্রথম) এবং রাজউক উত্তরা মডেল স্কুল ও কলেজের মো. সিরাজুল মুনিরকে (দ্বিতীয়) বাংলাদেশ বিজ্ঞান একাডেমী পাঁচ হাজার টাকা করে পুরস্কার দেয়। উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে একাডেমীর সভাপতি অধ্যাপক শমসের আলী, অধ্যাপক আলী আসগর, অধ্যাপক কাজী আবদুল ফাত্তাহ ও অধ্যাপক মেজবাহ উদ্দিন আহমদ ছাত্রদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। —নিজস্ব প্রতিবেদক