বিজ্ঞান নিয়ে শিশু-কিশোরদের জন্য আয়োজন

নতুন প্রজন্মের সামনে বিজ্ঞান ও প্রযুক্তির নতুন দুয়ার খুলে দিতে হবে, যাতে তারা নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে। সম্প্রতি শিশু-কিশোরদের বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে তোলার প্রয়োজনীয়তার কথা বলেছেন বাংলাদেশের বিশেষজ্ঞরা।
২৮ নভেম্বর ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে আ. মু. জহুরুল হক ও আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীনের স্মরণে একটি অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও কম্পিউটার কৌশল বিভাগের সহকারী অধ্যাপক নোভা আহমেদ শিশু-কিশোরদের প্রোগ্রামিংয়ের জগৎ সম্পর্কে জানান। নোভা আহমেদ বাংলা ভাষায় প্রোগ্রামিং স্ক্রিপ্টিং ‘চা স্ক্রিপ্ট’ সম্পর্কে তথ্য উপস্থাপন করেন। তিনি বলেন, বাংলা ভাষায় এই প্রোগ্রামিং ভাষা দিয়ে নির্দেশনা ও প্রোগ্রাম লেখা যায়। এ ছাড়া ‘কোডিং’ নামে একটি কম্পিউটার গেমস সম্পর্কেও জানান তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের রেসিডেন্ট ডা. সৌমিত্র চক্রবর্তী জেনেটিক্স সম্পর্কে বলেন। দেশে এপিজেনেটিক্স নিয়ে গবেষণার বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেন তিনি। তিনি বলেন, পরীক্ষাগারের অংশ ছাড়াও এই গবেষণার তাত্ত্বিক ও প্রায়োগিক অংশ রয়েছে, যা তাঁরা বাংলাদেশেই করছেন।
বিজ্ঞান-ব্যক্তিত্ব জহুরুল হক ও আবদুল্লাহ আলমুতীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন আহছানিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির পরিচালক সৈয়দ জিয়াউল হক। সভাপতির বক্তব্য দেন অধ্যাপক এ আর খান। পঞ্চম বারের মতো আয়োজিত এই বার্ষিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহ-সভাপতি মুনির হাসান।