বিজ্ঞান-প্রতিভার বিকাশ ঘটুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল কাইয়ুম
আবদুল কাইয়ুম

দেশের জেলা, উপজেলা, এমনকি গ্রাম পর্যায়েও রয়েছেন অনেক তরুণ বিজ্ঞানী। তাঁরা হয়তো জিপিএ-৫ পান না। হয়তো গণমাধ্যমে তাঁদের নাম আসে না। কিন্তু প্রত্যন্ত কোনো গ্রামে তাঁরা বিজ্ঞানের কোনো প্রকল্প নিয়ে কাজ করছেন। তাঁদের কোনো আবিষ্কার কৃষিতে কাজে লাগতে পারে। অথবা গ্রামীণ জনপদে যাতায়াত, যোগাযোগের উন্নয়নে সাহায্য করতে পারে। বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু বিজ্ঞান চর্চা করেছেন নিজের গ্রামেই। এ জন্য তাঁকে বিলেত-আমেরিকায় যেতে হয়নি। তিনি আবিষ্কার করেন রেডিও। গাছও যে সাড়া দেয়, এটা তিনি বিশেষ যন্ত্রের সাহায্যে পরীক্ষা করে প্রমাণ করেছেন। গ্রাম বাংলায় এখনো সে রকম অনেক সুপ্ত প্রতিভা রয়েছে। কিন্তু তাঁদের খোঁজ কে রাখে?
‘সিটি ব্যাংক- প্রথম আলো বিজ্ঞান জয়োৎসব’ শুরু হয়েছে মূলত সে রকম এক উচ্চাভিলাসী লক্ষ্য নিয়ে। জেলা-উপজেলা পর্যায়ে তরুণদের বিজ্ঞানের প্রতি উৎসাহ সৃষ্টির জন্য উৎসবের আবহে আয়োজন করা হচ্ছে বিজ্ঞান মেলা ও বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে কর্মযজ্ঞ। তরুণ বিজ্ঞানীদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প প্রদর্শন ও প্রতিযোগিতা, বিজ্ঞানের চলতি বিষয় নিয়ে আলোচনা, দেশের বিশিষ্ট বিজ্ঞানীদের সঙ্গে বিজ্ঞানের প্রতি আগ্রহী স্থানীয় তরুণদের মতবিনিময় প্রভৃতি বিভিন্ন কর্মসূচি থাকবে এসব উৎসবে।
সংবাদ পরিবেশনার পাশাপাশি একটি জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে প্রথম আলোর সৃজনশীল উদ্যোগগুলো বিশেষ অবদান রেখে চলেছে। বিজ্ঞান জয়োৎসব আয়োজনে সিটি ব্যাংক সহযোগিতা দিচ্ছে। এ সহযোগিতার জন্য তাদের ধন্যবাদ। ভবিষ্যতে এ উদ্যোগ আরও প্রসারিত হবে। আমাদের তরুণ বিজ্ঞানীরা আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।