বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতা 'ইগ্নাইট' শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেইলি স্টার মিলনায়তনে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে ইগনাইট প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। ছবি: মোছাব্বের হোসেন
ডেইলি স্টার মিলনায়তনে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে ইগনাইট প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। ছবি: মোছাব্বের হোসেন

স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের চর্চাকে আরও বেশি জনপ্রিয় করে তুলতে শুরু হয়েছে বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতা ‘ইগ্নাইট’। প্রাথমিকভাবে দেশের তিনটি বিভাগের ৭৫টি স্কুলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ও মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন এর উদ্যোক্তা। আজ শনিবার দুপুরে ডেইলি স্টার মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার কার্যক্রমের উদ্বোধন হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মাদ কায়কোবাদ বলেন, আমাদের দেশের বড় বড় সফলতা এসেছে অশিক্ষিত মানুষদের মাধ্যমে। অথচ শিক্ষিত মানুষরা দেশের উন্নয়নে বড় ধরনের অবদান রাখার যোগ্যতা রাখে। বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা বিশ্বের অনেক দেশকে পেছনে ফেলে দিয়ে সামনে এগিয়ে যেতে পারব।

ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম বলেন, ‘বর্তমান বাংলাদেশের মধ্যে দুটি বাংলাদেশ রয়েছে। এক বাংলাদেশ সৃজনশীলতার মাধ্যমে এগিয়ে যাচ্ছে। আর অন্য বাংলাদেশ দুর্নীতি, অলসতা, অব্যবস্থাপনার মাধ্যমে দেশকে পিছিয়ে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, এই প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা বিজ্ঞানের প্রতি ভালোবাসা তৈরি ও বিজ্ঞানকে ভালোবাসার দৃষ্টিভঙ্গি সৃষ্টি করতে চাই।’


বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক ও প্রথম আলো যুব কর্মসূচির সমন্বয়ক মুনির হাসান বলেন, বিশ্বব্যাংকের একটি জরিপ বলছে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে এ দেশের ৭৫ শতাংশ শিশু স্কুল থেকে কিছু শেখে না। আমরা যখন বিজ্ঞান মেলাগুলোতে যাই তখন দেখি মেলা আছে কিন্তু বিজ্ঞান নেই। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক চিন্তা-ভাবনাকে উস্কে দিতে চাই।

প্রতিযোগিতার আয়োজকেরা জানান, এই প্রতিযোগিতায় উপদেষ্টা হিসেবে আছেন জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল। ইগ্নাইট মজার ও শিক্ষামূলক একটি প্রতিযোগিতা যা বিশেষভাবে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আয়োজন করা হয়েছে। অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা তিনটি বিভাগে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

৬ষ্ঠ- ৮ম শ্রেণীর শিক্ষার্থীরা ডিসকভার সায়েন্স বিভাগে, ৬ষ্ঠ- ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা আইডিয়া ফ্লাইট এবং ৯ম-১০ম শ্রেণীর শিক্ষার্থীরা ইমাজিন দ্যা ফিউচার বিভাগে অংশ নিতে পারবে। এই প্রতিযোগিতার প্রাথমিক পর্যায়ে প্রতিটি স্কুলে আলাদাভাবে, দ্বিতীয় পর্যায়ে সব স্কুলের বিজয়ীদের নিয়ে বিভাগীয় পর্যায়ে এবং চূড়ান্ত প্রতিযোগিতা ঢাকায় আয়োজন করা হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারসিম মান্নান মোহাম্মদি, গ্রামীণফোনের হেড অফ কর্পোরেট কমিউনিকেশনস্ সৈয়দ তাহ্মীদ আজিজুল হক, নটরডেম কলেজের বিজ্ঞান ক্লাবের মডারেটর তিতাস রোজারিয়, হলিক্রস স্কুলের শিক্ষক শারমিনা ইয়াসমিন প্রমুখ।
‘ইগ্নাইট’ প্রতিযোগিতায় অংশ নিতে নিবন্ধন করতে ও প্রতিযোগিতা বিষয়ক আরো বিস্তারিত জানতে লগ ইন করতে হবে www.ignite-bd.com এই ঠিকানায়।)