
বিজ্ঞানী ডাউট সাহেব তাঁর ল্যাবরেটরিতে খুব মনোযোগ দিয়ে নিহত দুষ্কৃতকারীদের মৃতদেহ পরীক্ষা করছেন। তাঁর কপালে চিন্তার সূক্ষ্ম রেখা দেখা যাচ্ছে।
ঝটিকা অপারেশনে নিহত দুষ্কৃতকারী আসলেই দুষ্কৃতকারী কি না তা যাচাই করা প্রয়োজন। কাজটা মোটেও সহজ নয়। নিহত ব্যক্তিদের আস্তানায় তাদের দলের পতাকা পাওয়া যেতেই পারে। দুষ্কৃতকারীদের অস্ত্র হাতে হাস্যোজ্জ্বল ছবি থাকলেই তো হলো না! তাদের দলের বিবৃতিও পাওয়া যেতে পারে। অস্ত্রশস্ত্র এবং অন্যান্য প্রমাণাও থাকতে পারে। কিন্তু তাতেই কি নিশ্চিত হওয়া যায়? এ জন্য প্রয়োজন জটিল সব পরীক্ষার।
তাই বিজ্ঞানী ডাউট সাহেব জটিল সব পরীক্ষা-নিরীক্ষা করতে বসলেন। দুষ্কৃতকারীদের ডিএনএ স্যামপল পরীক্ষা করলেন, সেখানে দুষ্কৃতকারীর ক্রোমোজোম আছে কি না তা খতিয়ে দেখলেন। একজন দুষ্কৃতকারী হবে অথচ ডিএনএতে সেটার ক্রোমোজোম থাকবে না, তা তো হয় না! অবশেষে পরীক্ষায় দুষ্কৃতকারী ক্রোমোজোম পাওয়া গেল! তবু ডাউট সাহেব নিশ্চিত হতে পারলেন না, তাঁর মনে সন্দেহ দেখা দিল!
সন্দেহ দূর করতেই ডিএনএ স্যামপল তিনি পাঠালেন নাসার অফিসে। নিহত ব্যক্তিরা এই গ্রহের বাসিন্দা নাও হতে পারে, ভিন্নগ্রহের কোনো বিশেষ দুষ্কৃতকারী ক্রোমোজোমযুক্ত এলিয়েনও হতে পারে। দুই দিনের মাথায় নাসার পরীক্ষাগার থেকে বার্তা পাঠানো হলো, তারা এলিয়েন নয়, এই গ্রহেরই মানুষ। বিজ্ঞানী ডাউট সাহেব নিশ্চিত হতে পারলেন না। তাঁর মনে সন্দেহ থেকে যাচ্ছে।
ডাউট সাহেব বিখ্যাত পদার্থবিজ্ঞানীদের কাছে দুষ্কৃতকারীদের ডিএনএ স্যামপল পাঠালেন। নিহত ব্যক্তিরা কি পদার্থ নাকি অপদার্থ, তা জানা দরকার। অপদার্থ ছেলেপুলেরাই গিয়ে সব দুষ্কৃতকারীর দলে নাম লেখায়। এসব ছেলেপুলে পদার্থ হতেই পারে না! ফিরতি বার্তায় পদার্থবিজ্ঞানী জানালেন, স্যামপলগুলো পদার্থ না অপদার্থ তা বুঝতে পারছেন না। মনে হচ্ছে অপদার্থই হবে। ডাউট সাহেব চিন্তায় পড়লেন। এত সহজে কি সন্দেহ দূর করা যায়!
বিজ্ঞানী ডাউট সাহেব ডিএনএ স্যামপল রোবটিকস অ্যাসোসিয়েশনে পাঠালেন। এই ডিএনএ কি মানুষের ডিএনএ না রোবটের ডিএনএ, তাও জানা দরকার। নিহত ব্যক্তিরা রোবটও হয়ে থাকতে পারে! আর রোবট হলো রোবট, রোবট তো আর দুষ্কৃতকারী হতে পারে না! ফিরতি বার্তায় রোবটিকস অ্যাসোসিয়েশন কড়া ভাষায় জানাল, রোবটের ডিএনএ থাকে না! ডাউট সাহেব বিরক্ত হলেন। রোবটের ডিএনএ থাকবে না কেন? রোবটও তো মানুষ, নাকি!
বিজ্ঞানী ডাউট সাহেব ভাবলেন, অনেক হয়েছে। এবার তিনি নিহত দুষ্কৃতকারীদের শরীর কেটেকুটে নিজেই দেখবেন! তারা যদি দুষ্কৃতকারী হয়েই থাকে, তাহলে নিশ্চয়ই শরীরের কোথাও না কোথাও তাদের দলের সিল থাকবে। সামান্য একটা শরিফ মেলামাইন, সেখানেও বাঘ-সিংহ মার্কা সিল থাকে, দুষ্কৃতকারীদের থাকবে না? ডাউট সাহেব যেই না দুষ্কৃতকারীদের কেটেকুটে দেখবেন বলে ধারালো অস্ত্র হাতে নিয়েছেন, ঠিক তখন ঘটল এক অবাক কাণ্ড! নিহত দুষ্কৃতকারীদের একজন ধুপ করে উঠে বসল! সন্দেহের চোখে তাকিয়ে থাকলেন বিজ্ঞানী ডাউট সাহেব। উঠে বসা দুষ্কৃতকারীর ডেডবডি হাতজোড় করে বলল, ‘স্যার, আমি দুষ্কৃতকারী ছিলাম! বিশ্বাস করেন। আর কোনো পরীক্ষা কইরেন না, এইবার ক্ষ্যান্ত দেন!’
বিজ্ঞানী ডাউট সাহেবের সন্দেহ দূর হলো। তবে একটু উল্টো পথে। একজন দুষ্কৃতকারী জীবিত অবস্থায় হোক বা মৃত, সে কি এত সহজে স্বীকার করবে যে সে দুষ্কৃতকারী ছিল? অবশ্যই না! অতএব আর কোনো সন্দেহের অবকাশ নেই। ডাউট সাহেব পরীক্ষার ফলের জায়গায় লিখলেন, ‘নিহত ব্যক্তিদের কেউ আসল দুষ্কৃতকারী ছিল না।’