বিজয়-গাথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনামুল হক বিজয়
এনামুল হক বিজয়

গল্প-১: ভাগ্যিস বাসটা ছাড়তে মিনিট দশেক দেরি হলো। ছেলেটা না হলে দৌড়ে বাসা থেকে ছবি এনে জিয়া স্যারের হাতে তুলে দিতে পারত না। ভর্তি ফরমটা থেকে যেত অসম্পূর্ণ। স্বপ্ন পূরণের পথে পা দেওয়া হতো না এনামুলেরও।
কুষ্টিয়া জেলা স্টেডিয়ামে বিকেএসপির প্রতিভা অন্বেষণ কর্মসূচি চলছে। ব্যাটিংয়ে এমন কিছু করতে পারল না যে এনামুলকে বিকেএসপিতে নিয়ে নেবেন স্যাররা। কিন্তু উইকেট কিপিংটা হলো অসাধারণ! ওটা দেখেই এনামুলের হাতে ভর্তি ফরম তুলে দিলেন জিয়া স্যার। ফরম তো পূরণ হলো, কিন্তু ছবি যে সঙ্গে আনা হয়নি! সঙ্গে সঙ্গে বাসার দিকে দৌড়। ছবি এনে যখন জিয়া স্যারের হাতে দিল, বিকেএসপির বাসটা তখন ছাড়ল বলে। ‘সেদিন যদি বাস ছাড়তে দেরি না হতো আর জিয়া স্যার আমার জন্য অপেক্ষা না করতেন, তাহলে হয়তো কোনো দিনই জাতীয় দলে খেলা হতো না’—কৈশোরের স্মৃতি এখনো ভোলেননি এনামুল।
গল্প-২: এটা বিকেএসপিতে ভর্তি হওয়ার পরের গল্প। ২০০৮ সাল। অনূর্ধ্ব-১৬ ক্রিকেটের জন্য খেলোয়াড় বাছাই শুরু হলো। এনামুলও গেল ট্রায়াল দিতে। কিন্তু চিকিৎসকেরা রায় দিলেন, এনামুলের বয়স ১৬ বছরের বেশি। অথচ এনামুলের বয়স তখন ১৪ বছর। অনেক দেনদরবার হলো বয়স নিয়ে। এনামুলের বাবার দাবির মুখে আরও একবার স্বাস্থ্য পরীক্ষা হলো এবং এবার বেরিয়ে এল আসল বয়সটাই। ততক্ষণে আঞ্চলিক পর্যায়ের শেষ ম্যাচে এসে গেছে দল। ওই ম্যাচ খেলে উইকেটের পেছনে দাঁড়িয়ে এনামুল করল ছয়টা ডিসমিসাল!
গল্প-৩: এটা এনামুল হক হাসিবের এনামুল হক বিজয় হয়ে যাওয়ার গল্প। ১৬ ডিসেম্বর জন্ম বলে এনামুলের সম্ভাব্য ডাকনামগুলোর মধ্যে বিজয়ও ছিল। কিন্তু মা-বাবা, আত্মীয়স্বজন সবাই মিলে কী কারণে যেন শেষ পর্যন্ত ডাকনাম রেখে দিলেন হাসিব।
কিন্তু ‘বিজয়’ তবু পিছু ছাড়ল না। ছেলেটা যত বড় হচ্ছিল, তত সবাই বলাবলি করতে লাগল, নাম তো তার বিজয়ই ভালো। স্কুলে ভর্তি হওয়ার পর স্যার-ম্যাডামরা যখন দেখেন জন্ম ১৬ ডিসেম্বর, তাঁরাও বলতে লাগলেন, এই ছেলের নাম বিজয়ই দিতে হবে।
১৬টি ওয়ানডে খেলে ৩৫.৪৬ গড়ে, ৫৩২ রান। সেঞ্চুরিও হয়ে গেছে এর মধ্যে দুটি। আর বাংলাদেশ দলের জন্য দুঃস্বপ্নের এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তো সাকিব আল হাসান ছাড়া বলার মতো কিছু করে দেখিয়েছেন এই এনামুলই। সামনে তাঁর অপার সম্ভাবনা। কিন্তু এনামুলকে যদি জিজ্ঞেস করেন, ক্রিকেটার হিসেবে লক্ষ্য কী, কোনো উত্তর তো মিলবে না-ই, উল্টো ভাবনার অথই সমুদ্রে পড়ে যাবেন—
‘আমার লক্ষ্য শুধু জাতীয় দলে খেলার মধ্যে সীমাবদ্ধ নয়। আমার লক্ষ্য আরও অনেক বড়।’
—কী সেই লক্ষ্য?
এনামুলের জবাব, ‘সেটা তো বলব না! কাউকে কোনো দিন বলিনি, বলবও না। এখন আমার মুখে এসব কথা শুনলে সবাই হাসবে। আমার নিজেরই তো হাসি আসে...হা হা হা। তবে লক্ষ্য পূরণ হলে জানবেন।’
—আর যদি গোপন লক্ষ্যটা কোনো দিন পূরণ না হয়?
—তাহলে যেদিন অবসর নেব, সেদিন বলে দেব লক্ষ্যটা কী ছিল।
এনামুল হক যেন নিজের ক্যারিয়ারটাকেই একটা ধাঁধা বানিয়ে ছেড়ে দিলেন সবার মধ্যে! কী তাঁর জীবনের লক্ষ্য? থাক, এনামুল যখন চাইছেন, গোপনই থাক সেটা। সূর্য আকাশে উঠলে তো সবাই দেখবেই। আমরা বরং বিজয়ের সেই সূর্য দেখার অপেক্ষাতেই থাকি।