বিজয় সফটওয়্যার একটি নতুন ধারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে আয়ত্তে আনা অনেক কঠিন। ইংরেজি ভাষার বলয় থেকে বেরিয়ে আসার জন্য বিজয় সফটওয়্যার একটি শক্তিশালী বাহনের কাজ করছে। বিজয় শুধু একটি কি-বোর্ড বা সফটওয়্যার নয়, এটি একটি নতুন ধারনা, নতুন উদ্ভাবন।গত শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বিজয় বাংলা কি-বোর্ড ও সফটওয়্যারের রজতজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) আয়োজিত আলোচনা সভায় তথ্য ও সংস্কৃতিমন্ত্রী হাসানুল হক ইনু এসব কথা বলেন।
১৯৮৮ সালের ১৬ ডিসেম্বর যাত্রা শুরু করে বিজয় বাংলা সফটওয়্যার। আলোচনা সভায় বক্তারা কম্পিউটারে বাংলা লেখার জনপ্রিয় এই সফটওয়্যার নিয়ে নানা কথা বলেন। তাঁরা বলেন, কম্পিউটারে বাংলা প্রচলনে বিজয়ের ব্যাপক ভূমিকা রয়েছে। বিজয়ের নির্মাতা আনন্দ কম্পিউটার্সের প্রধান নির্বাহী ও বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি মোস্তাফা জব্বার বলেন, ‘শত শত মানুষের প্রচেষ্টায় বিজয় আজকের এই অবস্থানে এসেছে। বাংলা কি-বোর্ড ও সফটওয়্যার বিজয় ২৫ বছর অতিক্রম করেছে। এই আনন্দময় বিষয়টি উদ্ভাবক হিসেবে আমি চিরকাল মনে রাখব।’
অনুষ্ঠানে বক্তব্য দেন গণবিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনসুর মুসা, আইএসপি অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আক্তারুজ্জামান, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক ও কবি অসীম সাহা, বিসিএসের সহসভাপতি মইনুল ইসলাম, বিসিএস কম্পিউটার সিটির সভাপতি মজিবুর রহমান, বাংলাদেশ উইমেন ইন টেকনোলজির সভাপতি লুনা শামছুদ্দোহা, বিআইজেএফের সভাপতি মুহাম্মদ খান, তথ্যপ্রযুক্তিবিদ মোহাম্মদ জালালসহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা ভাষার নান্দনিক সৌন্দর্য ধরে রাখা সবার কর্তব্য। রোমান হরফে লিখলে প্রচলিত রীতি অনুযায়ী শুদ্ধভাবে বাংলা লেখা বাধাগ্রস্ত হয়। বাংলা লেখার ক্ষেত্রে বিজয় সফটওয়্যার ও কি-বোর্ড ব্যবহারের কারণে মুদ্রণ ও প্রকাশনাশিল্পে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত হয়েছে বলেও তাঁরা মন্তব্য করেন। বিজয় বাংলা সফটওয়্যারের জন্য মোস্তাফা জব্বারকে রাষ্ট্রীয় পদক প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান কয়েকজন বক্তা। সভার শেষে বিআইজেএফের পক্ষ থেকে মোস্তাফা জব্বারের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
—মো. রাফাত জামিল