তরুণ শিক্ষার্থীদের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্প তৈরির আন্তর্জাতিক প্রতিযোগিতা ইমাজিন কাপ। শীর্ষ সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট করপোরেশন প্রতিবছর শিক্ষার্থীদের জন্য এর আয়োজন করে। এ বছর ১৯০টি দেশের শিক্ষার্থীরা এতে অংশ নিচ্ছেন। এবারের প্রতিযোগিতা হচ্ছে তিনটি বিভাগে। বাছাই পর্বের বিজয়ীরা অংশ নেবেন অনলাইনে সেমিফাইনাল পর্বে। এরপর উত্তীর্ণ দলগুলো চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে। ইমাজিন কাপ বাংলাদেশে বিজয়ী তিনটি প্রকল্পের কথা থাকছে এ প্রতিবেদনে৷

প্রিন্সেস চার্মিং
গেম বিভাগের চ্যাম্পিয়ন দল কারিগরের প্রকল্পের নাম প্রিন্সেস চার্মিং। এ দলের সবাই আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এইউএসটি) শিক্ষার্থী। রূপকথার গল্প অবলম্বনে বানানো হয়েছে ত্রিমাত্রিক এ গেম।
রাজা, রানি আর তাদের একমাত্র কন্যা। রাজকন্যার বয়স যখন এক, তাকে চুরি করল এক ডাইনি। তখন সে অভিশাপ দেয় রাজকন্যাকে—১৮ বছর পর্যন্ত তাকে হিংস্র কোনো জন্তুর সঙ্গে বসবাস করতে হবে, নইলে সে মারা যাবে।
রাজা মনের দুঃখে রাজকন্যাকে রেখে এল ড্রাগন দুর্গে। সেখানে একটি ড্রাগনের সঙ্গে শৈশব, কৈশোর কাটিয়ে ১৮ বছর বয়সে পৌঁছাল রাজকন্যা। রাজা অন্য রাজ্যের একজন রাজপুত্রকে পাঠাল রাজকন্যাকে আনার জন্য। রাজকন্যা চলে যাওয়ার পর ড্রাগন বুঝতে পারে রাজপুত্রের উদ্দেশ্য ভালো ছিল না। রাজপুত্র রাজ্যের লোভে রাজকন্যাকে নিয়ে গেছে। ড্রাগনও দুর্গ ছেড়ে বেরিয়ে পড়ে, খুঁজতে থাকে রাজকন্যাকে। ড্রাগনের চরিত্র ধারণ করে রাজকন্যাকে খুঁজতে খুঁজতে এগিয়ে যাবে খেলাটি।
গেমটি খেলা যাবে উইন্ডোজ ফোনে। দলনেতা ইউসুফ আজাদ বললেন, ‘ফার্স্ট পারসন শুটার ও প্ল্যাটফর্মার গেম এটি৷ গেমাররা যাতে সহজেই গেমটি খেলতে পারে, সেদিকে লক্ষ রেখে আরও কিছু কাজ করছি আমরা। ভবিষ্যতে গেমটির আইফোন, অ্যানড্রয়েড ও উইন্ডোজ পিসি সংস্করণ নির্মাণ করার ইচ্ছা আছে আমাদের।’ এ দলের অন্য দুই সদস্য মনিসুল হক ও সৌরভ পাল।
সাইন অব লাইফ
বিশ্ব নাগরিক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীদের দল দি ইমাজিনারিয়াম। ‘সাইন অব লাইফ’ নামে নাগরিক সেবার একটি সফটওয়্যার তৈরি করেছে তারা। বাংলাদেশের তৈরি পোশাকশিল্প কারখানাগুলোর দুর্ঘটনাকালীন অবস্থা মোকাবিলায় ব্যবহার করা যাবে এটি।
সফটওয়্যারটির মাধ্যমে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুম ও নির্দিষ্ট প্রতিষ্ঠানটির মধ্যে সংকেত আদান-প্রদানের সুযোগ থাকবে। আবার প্রত্যেক পোশাককর্মীর হাতে একটি করে ব্যান্ড থাকবে, যেগুলো কারখানার প্রতিটি তলা ধরে ধরে তারহীন রাউটারের সঙ্গে সংযুক্ত থাকবে। দুর্ঘটনার পর পর এই সফটওয়্যার থেকে জানা যাবে—কোন তলায় কতজন লোক আছে, কীভাবে উদ্ধারকাজ শুরু করলে সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া যাবে ইত্যাদি৷
দলের প্রধান তাসলিম আরেফিন খান বলেন, ‘মূলত দুর্ঘটনা এড়ানোর জন্যই সফটওয়্যারটি তৈরি করা হয়েছে, যেকোনো প্রতিষ্ঠানই এটি ব্যবহার করে নিরাপত্তা ঝুঁকি কমিয়ে আনতে পারবে।’ দলের অন্য তিন সদস্য এস এম হাসানুর রশীদ, মুশফিকুর রহমান ও মইনুদ্দিন আহমেদ।

সেফটি শিল্ড
উদ্ভাবন বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থীদের দল একাত্তর। ‘সেফটি শিল্ড’ নামে নাগরিকসেবার একটি অ্যাপ্লিকেশন (অ্যাপ) নির্মাণ করেছে তারা।
দলের প্রধান ফায়িম শাহরিয়ার বলেন, ‘আপাতত ফেসবুক ও অ্যাপটির ফেসবুক কমিউনিটির মাধ্যমে তথ্য সংগ্রহ করছি আমরা। পরবর্তী সময়ে নিউজ পোর্টাল, বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের দেওয়া রাস্তা সম্পর্কিত তথ্যগুলোও যুক্ত করব।’ দলের অন্য তিন সদস্য আহসান আহমেদ, ফাহাদ আহমেদ ও মোহাম্মদ রোকন উদ্দিন।

প্রথম রানার আপ তিন দল
গেম: ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মিউসেস স্টুডিওস, প্রকল্পের নাম বৃত্ত। দলের সদস্যরা হলেন শাকিল বিন করিম, এ কে এম নিভৃত, রূপা বড়ুয়া ও নায়ার মোস্তফা।
উদ্ভাবন: ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির দল আইইউটি ইন্টেগ্রিটি, প্রকল্প রোবোরাশ। দলের চার সদস্য নাজমুস সাকিব, সাঞ্জারী রহমান, টি এম মনিরুজ্জামান ও আরাফ পারভেজ।
বিশ্ব নাগরিক: এইউএসটির দল গিকস, প্রকল্পের নাম সেফটি অন ক্লিক। দলের তিন সদস্য সাফায়াত হোসাইন, ফররুখ আহমেদ ও সরকার মাহফুজ।