বিজয়ী মোস্তাফা জব্বারের প্যানেল, সর্বোচ্চ ভোট ফারহানার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল শনিবার বেসিস কার্যালয়ে চলে ভোট গ্রহণ l ছবি: প্রথম আলো
গতকাল শনিবার বেসিস কার্যালয়ে চলে ভোট গ্রহণ l ছবি: প্রথম আলো

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০১৬-১৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে মোস্তাফা জব্বারের ডিজিটাল ব্রিগেড প্যানেল। রাজধানীর কারওয়ান বাজারে বেসিস মিলনায়তনে গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনে বেসিসের পরিচালনা পরিষদের নয়টি পদের মধ্যে সাতটিতে জয়ী হয়েছে এই প্যানেল। সোনিয়া বশির কবিরের নেতৃত্বাধীন দ্য চেঞ্জ মেকার্স প্যানেল দুটি পদে জয় পেয়েছে। সর্বোচ্চ ১৮৫ ভোট পেয়েছেন ডিজিটাল বিগ্রেডের ফারহানা এ রহমান।
এবারের নির্বাচনে ২২ জন প্রার্থীর মধ্যে ২ জন নারী প্রার্থী ছিলেন, তঁারা বিজয়ী হয়েছেন। দেশের কম্পিউটার সফটওয়্যার ও সেবা খাতের এই সংগঠনটির নির্বাচন ঘিরে এবার আলোচনা, তর্ক-বিতর্ক হয়েছে যেকোনো সময়ের চেয়ে বেশি। সকাল ১০টায় বেসিস কার্যালয়ে শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। নির্বাচনে ৫১৬ জন ভোটারের মধ্যে ভোট দেন ৪১২ জন। এর মধ্যে সাধারণ সদস্য ৩০৭ এবং সহযোগী সদস্যের মধ্যে ১০৫ জন ভোট দেন। ১১টি ব্যালট পেপার বাতিল হয়েছে।
নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান খন্দকার আতিক-ই-রব্বানী বলেন, ‘উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত নয়জনের মধ্যে পদ বণ্টনের নির্বাচন হবে কাল সোমবার।’
বেসিসের নতুন কমিটির জন্য নির্বাচিত প্রার্থীরা হলেন ফারহানা এ রহমান (প্রাপ্ত ভোট ১৮৫), মোস্তাফা জব্বার (১৮১), এম রাশিদুল হাসান (১৭৭), রাসেল টি আহমেদ (১৭৫), সৈয়দ আলমাস কবির (১৭৪), রিয়াদ এস এ হোসাইন (১৬৫), মো. মোস্তাফিজুর রহমান (১৬৩), সোনিয়া বশির কবির (১৫২) এবং সহযোগী সদস্য উত্তম কুমার পাল (৬৮)।
ডিজিটাল ব্রিগেড নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বেসিসের পরবর্তী মেয়াদের সভাপতি হতে যাচ্ছেন মোস্তাফা জব্বার—এটা মোটামুটি নিশ্চিত। প্যানেলের সূত্রগুলো এমনটাই জানিয়েছে। মোস্তাফা জব্বার প্রথম আলোকে বলেন, ‘আমরা বলেছিলাম আমাদের প্যানেল দেশের পক্ষে এবং দেশি সফটওয়্যার ও সেবার পক্ষে। ভোটাররা এই অঙ্গীকারের পক্ষে ভোট দিয়েছেন।’
গঠনতন্ত্র সংশোধনের পর এবারই প্রথম তিন বছর মেয়াদি কমিটির জন্য বেসিসের নির্বাচন হলো। কমিটির পদেও আছে পরিবর্তন। এবার সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি, দুজন সহসভাপতি এবং পাঁচজন পরিচালকের সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠিত হবে। রাহিতুল ইসলাম