বিজয়ী 'নান্দনিক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিতর্কে চ্যাম্পিয়ন ‘বুয়েট নান্দনিক’ দলের সদস্য রাকিবুল ইসলাম, রায়হান মাহমুদ ও এহসানুল হক
বিতর্কে চ্যাম্পিয়ন ‘বুয়েট নান্দনিক’ দলের সদস্য রাকিবুল ইসলাম, রায়হান মাহমুদ ও এহসানুল হক

কলেজজীবন থেকে একই ক্লাবের হয়ে বিতর্ক করেন তাঁরা তিনজন। বন্ধুত্ব দীর্ঘদিনের। এখন পড়ছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট)। দুই বছর ধরে একটি দল হিসেবেই অংশগ্রহণ করছেন বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায়।
সম্প্রতি বুয়েটের আয়োজনে অনুষ্ঠিত ‘ষষ্ঠ বুয়েট ডিবেটিং ক্লাব জাতীয় বিতর্ক প্রতিযোগিতা’র আন্তক্লাব বিতর্কের চ্যাম্পিয়ন তাঁরা। তাঁদের দল ‘নান্দনিক’। এ প্রতিযোগিতায় বুয়েট থেকে অংশ নেয় তিনটি দল। তাদেরই একটি নান্দনিক।
গ্রুপ পর্বের বিতর্কে তিনটি পর্বেই বিজয়ী হয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেব নকআউট পর্বে যায় নান্দনিক। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল ঢাকা মেডিকেল কলেজ। নান্দনিক জয় পেল সেখানেও। তারপর সেই চূড়ান্ত প্রতিযোগিতা। এবার প্রতিপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ্রুপ অব ডিবেটরস’। চূড়ান্ত পর্বটি অনুষ্ঠিত হয় বুয়েটের ক্যাফেটরিয়ার সামনে উন্মুক্ত একটি মঞ্চে। বুয়েটের শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমর্থন করছিলেন তাঁদের নিজেদের দলকে। একইভাবে সমর্থন পাচ্ছিল বুয়েটের দলটিও। দর্শকদের মধ্যে ছিল টানটান উত্তেজনা। বিতর্কের বিষয় ছিল ‘সকল বাণিজ্যিক প্রতিষ্ঠানের পরিবেশ আন্দোলনে অংশগ্রহণ বাধ্যতামূলক করা হোক’। নান্দনিক ছিল সরকারি দল। প্রতিযোগিতার সব পর্বেই বিতর্ক হয়েছে সংসদীয় পদ্ধতিতে।
দলনেতা এহসানুল হক বলেন, ‘এ প্রতিযোগিতার গত বছরের চ্যাম্পিয়নও ছিলাম আমরা তিনজনই। তবে সেবার আমাদের দলের নাম ছিল “দ্বান্দ্বিক”। সেই শ্রেষ্ঠত্ব ধরে রাখার একটি বিষয় ছিল। শেষ পর্যন্ত সবকিছুই ভালোভাবে হয়েছে।’ দলের আর এক সদস্য রাকিবুল ইসলাম চূড়ান্ত বিতর্কের শ্রেষ্ঠ বক্তা। পুরো প্রতিযোগিতার শ্রেষ্ঠ বক্তাও তিনি। তিনি বললেন, ‘আগে যেটি হতো, কোনো প্রতিযোগিতায় আমরা হয়তো ভালো করেছি, কিন্তু শেষ পর্যন্ত শ্রেষ্ঠত্ব অর্জন করেছে অন্য কোনো দল। আর বুয়েটে পড়ছি বলে অনেকেই ধরে নেয় যে বিতর্কের মতো একটি বিষয়ে আমাদের দক্ষতা বা চর্চার অভাব রয়েছে। পরপর দুইবার এই প্রতিযোগিতায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পেরেছি। খুবই ভালো লাগছে।’
দলটির অপর সদস্য রায়হান মাহমুদ বলেন, ‘জয়ের অনুভূতি সব সময়ই ভালো। তবে শেষ পর্যন্ত শুধু বিতর্কে জেতাটাই একমাত্র আনন্দের বিষয় নয়, বরং বিতর্কের বন্ধুদের সঙ্গে ভালো কিছু সময় কেটেছে এটা ভেবে ভালো লাগছে। বিতর্ক ছেড়ে দিলে এই সময়গুলোর কথা খুব বেশি মনে পড়বে।’
চূড়ান্ত প্রতিযোগিতার দিন বিতর্কের পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। বুয়েটের নিজস্ব সাংস্কৃতিক গোষ্ঠী ‘মূর্ছনা’ অংশগ্রহণ করে সে আয়োজনে। অনুষ্ঠানে আরও ছিলেন কমেডিয়ান নাভিদ মাহবুব। এ ছাড়া ছিল কোরিওগ্রাফি ও ম্যাজিক শো। একদম শেষে ছিল ফায়ারওয়ার্কস। পুরস্কার বিতরণী পর্বে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন ড. জামিলুর রেজা চৌধুরী।