বিজয়ের রঙে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয় দিবসের উৎসবে সংগীত পরিবেশন করছেন বুয়েটের শিক্ষার্থীরা। ছবি: সিফাত উল্লাহ জুলকারনাইন
বিজয় দিবসের উৎসবে সংগীত পরিবেশন করছেন বুয়েটের শিক্ষার্থীরা। ছবি: সিফাত উল্লাহ জুলকারনাইন

বুয়েট ক্যাম্পাসে আপনি যদি গত এক সপ্তাহে না গিয়ে থাকেন, এখন আচমকা ঢুকে পড়লে একটি আশঙ্কা মনে জাগবে—ঠিক ঠিক বুয়েটে এসেছি তো! মনে হবে, বুয়েটের ইট-কাঠ-পাথর থেকে বৃক্ষরাজি এ কোন উল্লাসে মেতেছে! উত্তরও পেয়ে যাবেন নিজেই—বিজয় উল্লাস। রং-তুলির আঁচড়ে ‘বিজয়ের রং!’ মাখানো হয়েছিল বুয়েট ক্যাম্পাসের রাস্তায়, দেয়ালে দেয়ালে। বুয়েট শিক্ষার্থীদের আয়োজনে ১৪-১৬ ডিসেম্বর তিন দিনের বিজয় উৎসবে এমনই রং ছড়িয়েছে প্রত্যেক বুয়েটিয়ানের মনেপ্রাণে, চেতনার ক্যানভাসে।

বর্ণিল এই আয়োজন নিয়ে বলেন আয়োজকদের অন্যতম মেহেদি হাসান ও উম্মে রুম্মান, ‘আমাদের উৎসবের স্লোগান শোকে, শক্তিতে, সংগ্রামে। বিছিন্নভাবে বিভিন্ন বিভাগের অনুষ্ঠান বছরের নানা সময়ে হয়। কিন্তু এটি একটি সর্বজনীন আয়োজন, বুয়েটের সব শিক্ষার্থীর আয়োজন।’

শুধু বর্তমান শিক্ষার্থীরাই নন, পুরোনো অনেক শিক্ষার্থীও মুগ্ধ উৎসবে এসে। তেমনই একজন ফাহমিদা হক খান, উৎসবের দ্বিতীয় দিন আলোকচিত্র প্রদর্শনীতে নিজের অভিব্যক্তি প্রকাশ করেন এভাবে, ‘বুয়েটে এ ধরনের আয়োজন আমাদের সময়ে দেখিনি। এবারের আয়োজন দেখে আমি অভিভূত!’

অভিভূত হওয়ার মতোই ছিল সব উপস্থাপনা। কী ছিল না সেই উৎসবে। বুয়েটে প্রথমবারের মতো আয়োজন হয়েছিল বইমেলার। প্রতিদিন রাতে ছিল সাংস্কৃতিক পর্ব। ক্যাফে প্রাঙ্গণ হয়ে উঠেছিল মুক্তমঞ্চ। আর মঞ্চের পাশ ঘেঁষে নাগরদোলায় দোল খাচ্ছিলেন আগামীর প্রকৌশলীরা! আর ওদিকে খাইদাই চলছিল পিঠা উৎসবে।

উৎসবের দ্বিতীয় দিন ১৫ ডিসেম্বর, সন্ধ্যা হতেই শুরু হয় মুক্তিযুদ্ধের ওপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী। নরসুন্দর কিংবা স্পার্টাকাস ৭১ চলচ্চিত্রগুলো মজলিশি কায়দায় বসে থাকা দর্শকদের প্রাণে জীবন্ত করেছিল মুক্তিযুদ্ধকে।

আল্পনা আঁকায় ব্যস্ত ওরা চারজন
আল্পনা আঁকায় ব্যস্ত ওরা চারজন

শুধু চলচ্চিত্র নয়, মুক্তিযুদ্ধ জীবন্ত হয়েছে উৎসবের প্রতিটি আয়োজনেই। মুক্তিযুদ্ধে বুয়েট ক্যাম্পাসের শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিফলককে কেন্দ্র করে প্রদর্শিত হয়েছে দেওয়ালিকা ‘মাথা নোয়াবার নয়’। প্রায় ৩০০ ফুট দীর্ঘ দেয়ালিকাটি জানান দিচ্ছে, ইতিহাসের পথ-পরিক্রমায় বাঙালি জাতির শোকে, শক্তিতে, সংগ্রামে স্লোগানটি প্রতিফলিত হয়েছে দেয়ালিকার বর্ণে-চিত্রে-কবিতা-গল্পে।

একটু পরই বিজয়ের প্রথম প্রহর। চলছে তারই প্রস্তুতি। বিজয়ের রঙের জন্য ড্রয়িং করছেন শখের আঁকিয়েরা। স্থাপত্য বিভাগের ফাহিম আলম ও শারিকা সাবাহ জানান, ‘ড্রয়িংগুলো সবাই করছে নিজের মতো করে। বাছাই করা ড্রয়িংগুলোই দেয়ালে দেয়ালে ফুটিয়ে তোলা হবে।’

তারপর শুরু সেই মাহেন্দ্রক্ষণের। আতশবাজি ফাটিয়ে উদ্যাপন করা হয় বিজয় দিবসের প্রথম প্রহর। প্রথম প্রহরে শুরু হওয়া বর্ণিল আয়োজনের বর্ণনা দিয়ে অম্লান মোসতাকিম হোসেন উৎসব উপলক্ষে খোলা ফেসবুক ইভেন্টে লিখেছেন, ‘ক্যাম্পাসে গিয়ে মনে হলো সবাইকে নিশিথে পেয়েছে। ডিসেম্বরের হাড় কাঁপানো হিমে সবাই জবুথবু, কিন্তু মধ্যরাত পেরিয়ে শেষ রাতেও যেন সেটা কেউ গায়ে মাখছেন না। কেউ রং করছেন, কেউ হেঁড়ে গলায় গান ধরেছেন, কেউ ঘুরে ঘুরে তন্ময় হয়ে দেখছেন ইনভিকটাস ৭১, ক্র্যাক প্লাটুন বা অপারেশন জ্যাকপটের সব কাহিনি।’

উৎসবের শেষ দিন অর্থাৎ বিজয় দিবসে ছিল সাইকেল ও বাসে করে স্মৃতিসৌধ যাত্রা, বিজয় মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফানুস ওড়ানো।

পুরো উৎসব আয়োজন নিয়ে আয়োজনের কান্ডারি তানভীর আরাফাত বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল বহু বছর মনে রাখার মতো একটা উৎসব উপহার দেওয়ার। প্রতিটি ব্যাচ, বিভাগ কিংবা ক্লাবের গণ্ডি থেকে বেরিয়ে এনে পুরো বিশ্ববিদ্যালয়কে একসুতায় গাঁথতে। এজন্য বিজয় দিবসের চেয়ে বড় উপলক্ষ আর কি হতে পারে!’