বিটসকে কিনছে অ্যাপল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিটসের হেডফোন
বিটসের হেডফোন

বিটস ইলেকট্রনিকসকে কিনে নিতে পারে অ্যাপল। এই প্রতিষ্ঠানটি কিনতে ৩২০ কোটি মার্কিন ডলার খরচ হবে অ্যাপলের। বিটস ইলেকট্রনিক মূলত হেডফোন নির্মাতা ও মিউজিক স্ট্রিমিংয়ের প্রতিষ্ঠান হিসেবে বিখ্যাত।
অ্যাপল ঘনিষ্ঠ সূত্রের বরাতে এক প্রতিবেদনে ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, আগামী সপ্তাহের মধ্যেই বিটস ইলেকট্রনিকসে কিনে নেওয়ার ঘোষণা দিতে পারে অ্যাপল। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো তথ্য প্রকাশ করেনি অ্যাপল বা বিটসের কেউই।
বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, বিটসকে কিনে নিলে অ্যাপলের ৩৮ বছরের ইতিহাসে এটিই হবে বিশাল অর্থ খরচ করে কোনো প্রতিষ্ঠানকে অধিগ্রহণ করার ঘটনা।
এতদিন অ্যাপলকে বড় ধরনের কোনো প্রতিষ্ঠানকে অধিগ্রহণ করতে দেখা যায়নি। ম্যাক, আইপড, আইফোন, আইপ্যাডের মতো পণ্য তৈরি করার মাধ্যমে নিজেদের ধারণা থেকেই যুগান্তকারী পণ্য তৈরি করে আসছে কুপারটিনো ভিত্তিক প্রতিষ্ঠানটি। তবে ২০১১ সালের অক্টোবরে অ্যাপলের প্রধান নির্বাহী ও ভবিষ্যত্ দ্রষ্টা স্টিভ জবস মারা যাওয়ার পর থেকে আলোড়ন তোলার মতো কোনো পণ্য বাজারে আনতে পারেনি অ্যাপল।

জবস পরবর্তী যুগে অ্যাপল তাঁর জৌলুস হারিয়েছে বলেও ধারণা করেন প্রযুক্তি বিশ্লেষকেরা। তবে অ্যাপলকে সামনে এগিয়ে নিতে বর্তমান প্রধান নির্বাহী টিম কুক বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। বিটস ইলেকট্রনিকসকে কিনে নেওয়ার মাধ্যমে অ্যাপলকে আরও গতিশীল করে তুলতে চান তিনি।