বিডিজবসের এবার বাংলাতেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাকরির ওয়েব পোর্টাল বিডিজবস
চাকরির ওয়েব পোর্টাল বিডিজবস

নতুন বাংলা সংস্করণ চালু করল ইন্টারনেটভিত্তিক চাকরির ওয়েব পোর্টাল বিডিজবস (www.bdjobs.com)। গতকাল সোমবার সকালে ঢাকায় বেসিস মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মধ্যেমে এ তথ্য জানান বিডিজবসের প্রধান নির্বাহী এ কে এম ফাহিম মাশরুর। এর পাশাপাশি মোবাইল ফোনের জন্যও একটি নতুন সংস্করণের ঘোষণা দেন তিনি। 
সম্মেলনে তিনি বলেন, ‘এখন থেকে ওয়েবে ইংরেজির পাশাপাশি বাংলাতেও দেখা যাবে বিডিজবস ডট কম। ১৪ বছর আগে চালু হওয়া এই পোর্টালটিতে এখন রয়েছে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠানের চাকরির খবর। প্রতিদিন ২৫০ থেকে ৩০০ চাকরি সরাসরি চাকরিদাতারা এতে প্রকাশ করেন। তবে বেসরকারিভাবে ৯৫ শতাংশ চাকরির বিজ্ঞাপন অনলাইনে থাকলেও সরকারি হিসাবে এই হার ৩০ শতাংশের কম।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, ওয়েব পোর্টালটিতে নতুন করে ক্ষেত্র ও বিভাগ অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে রয়েছে ২৬টি কর্মক্ষেত্র। আছে জেলা ও বিভাগভিত্তিক চাকরির তালিকা। সাইটে নতুন কতগুলো জীবনবৃত্তান্ত আছে এবং তা কতজন চাকরিদাতা দেখেছেন, নিয়োগদাতা সংখ্যা—তাও এখন জানতে পারছেন ব্যবহারকারীরা। নিয়োগদাতারাও যাতে বিজ্ঞাপনগুলো বাংলায় প্রকাশ করতে পারেন সে ব্যবস্থাও রাখা হয়েছে। সম্মেলনে উপস্থিত ছিলেন বিডিজবসের প্রধান কারিগরি কর্মকর্তা কাজী লতিফুল ইসলামসহ অনেকে।
—রাহিতুল ইসলাম