বিডিনগ সম্মেলন উপলক্ষে গবেষণাপত্র আহ্বান

এ বছরের ১৮ মে থেকে বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) আয়োজনে ঢাকায় শুরু হতে যাচ্ছে ছয় দিনের ‘বিডিনগ-৩’ নামের সম্মেলন। এ উপলক্ষে জাতীয় ও আন্তর্জাতিক কমিউনিটি থেকে গবেষণাপত্র আহ্বান করেছে আয়োজকেরা।
আয়োজকেরা জানিয়েছেন, গবেষণাপত্রের ক্ষেত্রে স্থানীয় গবেষক ও স্পিকারদের প্রাধান্য দেওয়া হবে। (http://www. bdnog. org/v2 /bdnog-confernece/bdnog3 /) লিংক থেকে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
আয়োজকেরা আরও জানিয়েছেন, এবার বিডিনগের তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত বছরের মে ও নভেম্বর মাসে ঢাকায় ও কক্সবাজারে যথাক্রমে বিডিনগ-১ ও বিডিনগ-২ সম্মেলন সম্পন্ন হয়েছে। আগের দুটি সম্মেলনে বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য একাডেমিক ও অপারেশনাল গবেষণাপত্র উপস্থাপন করা হয়েছে। এবারের সম্মেলনও বাংলাদেশ থেকে আরও মানসম্পন্ন গবেষণাপত্র আশা করা হচ্ছে। এবারের সম্মেলনে এক দিন হবে বিডিনগ টেকনিক্যাল কনফারেন্স, এক দিন হবে টিউটোরিয়াল এবং বিভিন্ন বিষয়ের ওপর চার দিনের টেকনিক্যাল কর্মশালা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, প্রাথমিকভাবে বিডিনগের কার্যক্রমের মধ্যে থাকছে সদস্যদের নিজেদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, বিভিন্ন অপারেশনাল রিসার্চ সম্পাদন, স্থানীয় আইসিটি ট্যালেন্টদের আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা বাংলাদেশের জন্য উন্নত ইন্টারনেটের ব্যবস্থা করতে সহায়তা করা।