বিডিনগের পঞ্চম সম্মেলনের পর্দা নামল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিডিনগের সমাপনী অনুষ্ঠান
বিডিনগের সমাপনী অনুষ্ঠান

বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) পঞ্চম সম্মেলন ঢাকায় শেষ হয়েছে ১১ এপ্রিল সোমবার। সম্মেলন শুরু হয়েছিল ৭ এপ্রিল। সম্মেলনের শেষ দিনে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনেট সোসাইটির ইন্টারনেট অপারেশনাল নেটওয়ার্ক (আইওএন) সম্মেলন ২০১৬।
সমাপনী দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও বিজনেস প্রমোশন কাউন্সিলের সমন্বয়ক ফকির ফিরোজ আহমেদ ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এম এ হাকিম।
বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, বিডিনগ সম্মেলনে বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশের তথ্যপ্রযুক্তিবিদেরা অংশগ্রহণ করেছেন, যা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। ২০২১ সালের মধ্যে বাংলাদেশের সর্বত্র ইন্টারনেট সেবা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।
বিপিসির সমন্বয়ক ফকির ফিরোজ আহমেদ বলেন, ‘আমরা প্রশিক্ষণের মাধ্যমে দেশের জনগণকে জনসম্পদে পরিণত করতে চাই। জনগণকে বোঝা নয়, সম্পদ হিসেবে গড়ে তুলে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে চাই।’ 
আইওএন সম্মেলনে বক্তব্য দেন ইন্টারনেট সোসাইটির কনটেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজার কেভিন মেইনেল, অপারেশনাল এনগেজমেন্ট প্রোগ্রাম ম্যানেজার ইয়ান জর্জ, বিডিনগ বোর্ড অব ট্রাস্টের চেয়ারম্যান সুমন আহমেদ সাবির, সভাপতি এফ এম রাশেদ আমিন, সাধারণ সম্পাদক ফখরুল আলম, বিডিনগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চ্যাপ্টারের সভাপতি সাব্বির আহমেদ, সহসভাপতি জাহাঙ্গীর হোসেন প্রমুখ।