বিতর্ক শেখার আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদেশি প্রশিক্ষকদের সঙ্গে স্থানীয় অংশগ্রহণকারীদের কয়েকজন
বিদেশি প্রশিক্ষকদের সঙ্গে স্থানীয় অংশগ্রহণকারীদের কয়েকজন

দেশি আর বিদেশি মিলে মোট ৩৫০ জন শিক্ষার্থী। তাঁদের ভাষা আলাদা, চেহারা আলাদা। তবে এক জায়গাতে সবাই এক। তাঁরা সবাই শিখতে চান বিতর্ক ও যোগাযোগের কৌশল। আর এই কৌশল তাঁদের শেখালেন দেশি-বিদেশি দক্ষ বিতার্কিকেরা। কর্মশালায় বিতর্ক শেখাতে ছুটে এসেছিলেন ওয়ার্ল্ড ডিবেট ইনস্টিটিউটের কেনেথ নিউবি, আলফ্রেড স্নাইডার, বোয়ানা স্কার্টসহ আরও অনেকে।

গত ১৬ থেকে ২৪ ডিসেম্বর ঢাকায় আয়োজন করা হয় এই আন্তর্জাতিক বিতর্ক কর্মশালার। যার আয়োজন করে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ও ওয়ার্ল্ড ডিবেট একাডেমি। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাড়াও যেখানে অংশ নেন দক্ষিণ আফ্রিকা, ভারত, জ্যামাইকা, যুক্তরাষ্ট্রসহ বেশ কটি দেশের প্রশিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের প্রথম আট দিন কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের বিতর্ক ও উপস্থিত বক্তৃতার নানা কৌশল শেখানো হয়। কীভাবে অন্যের সঙ্গে যোগাযোগ গড়ে তুলতে হয়, সেসব বিষয়ে প্রশিক্ষকেরা দেন ধারণা।

শেষ দিনে কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় একটি প্রতিযোগিতা। যেখানে ৭৫ জন প্রতিযোগী নিজেদের যোগ্যতা প্রদর্শনের সুযোগ পান দুটি মাধ্যমে। বাংলা ও ইংরেজি এই দুটি মাধ্যমের মধ্যে ইংরেজি ক্যাটাগরিতে বিজয়ী হন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) তিন শিক্ষার্থী নূর-ই জান্নাত, সাতিহা সোহানী ও সামিরা সোহানী। সাতিহা ও সামিরা যমজ। একসঙ্গেই বিবিএ পড়ছেন তাঁরা।

সামিরা সোহানী বলেন, ‘বিতর্কের মাধ্যমেই নিজের জ্ঞানকে ছড়িয়ে দেওয়া যায় অন্যের মধ্যে। বাড়ে যোগাযোগের দক্ষতা। কর্মশালা করে আমার ভেতরও একধরনের আত্মবিশ্বাস জন্ম নিয়েছে। আর নিজের সেই আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে এই পুরস্কার।’

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পুরস্কার জেতা শিক্ষার্থী নূর-ই জান্নাত বলেন, ‘প্রতিযোগিতায় আমি কথা বলেছিলাম কর্মক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য নিয়ে। নিজের মতামত তুলে ধরেছিলাম নিজের মতো করে। যা আমি কর্মশালায় আগের কদিন শিখেছিলাম। তবে প্রথম পুরস্কার পেয়ে যাব ভাবিনি।’

এ আয়োজনে পৃষ্ঠপোষকতা করেন ইউনাইটেড গ্রুপ ও ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ।