বিতর্কচর্চার আন্দোলন

পুরান ঢাকার ২৫টি স্কুলে বিতর্কের কর্মশালা শেষ হওয়ার পর আমাদের মনে হলো, না, এভাবে হবে না। এভাবে কর্মশালা শেষ করে বিতর্ক উৎসব শেষ করা দীর্ঘ সময়ের ব্যাপার। অগত্যা কর্মশালা ছাড়াই বাকি চারটি অর্থাৎ মিরপুর, ধানমন্ডি, রামপুরা ও উত্তরায় বিতর্ক উৎসব শেষ হলো।
আমাদের ইচ্ছা, প্রতিটি স্কুলে বিতর্কের ক্লাব গঠিত হোক, বিতর্কের চর্চা বাড়ুক, বিতর্কের অনুষ্ঠান হোক ইত্যাদি আমাদের চাওয়ার মধ্যে আছে। আমরা চাই বছরজুড়ে বিতর্ক নিয়ে ব্যস্ত থাকুক শিক্ষার্থীরা।
আমরা বিভিন্ন স্কুলের মডারেটরদের বলেছি, প্রয়োজনে বন্ধুসভার বন্ধুরা বিভিন্ন স্কুলে গিয়ে শিক্ষার্থীদের বিতর্কের ওপর প্রশিক্ষণ দেবেন। এ কাজে আমরা রাজধানীর প্রায় ৩০ জন বিতার্কিককেও পেয়েছি। যারা আমাদের সহযোগিতা করার ব্যাপারে সম্মত হয়েছে। বলতে গেলে হুট করেই রাজধানীজুড়ে আমরা পাঁচটি বিতর্ক উৎসব সফলভাবে সম্পন্ন করলাম। ফার্ম ফ্রেশ-বন্ধুসভা বিতর্ক উৎসব নিয়ে ঢাকা মহানগরে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে। প্রতিটি ভেন্যু প্রতিষ্ঠানের শিক্ষকেরাই বলেছেন, ভবিষ্যতেও তাঁরা আমাদের সহযোগিতা করতে চান।
ফার্ম ফ্রেশ-বন্ধুসভা বিতর্ক উৎসব শুরুর আগে থেকেই আমরা একান্ত বৈঠক করেছি পাঁচটি স্কুলের প্রধান শিক্ষক ও স্কুলের মডারেটরদের সঙ্গে। তাঁরা অনেক আগ্রহ নিয়ে এসেছেন আমাদের প্রথম আলো কার্যালয়ে। তাঁদের পরামর্শ ও মতামত নিয়ে আমরা এ বিতর্ক উৎসব সফল করে তুলেছি। উৎসব ঘিরে বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ইতিমধ্যে বিতর্কের ক্লাব গঠিত হয়েছে। আশা করছি, এ ক্লাবগুলো নিয়মিত বিতর্কের চর্চা অব্যাহত রাখবে।
উৎসবের শুরুতে আমরা ভেবেছিলাম, বিতর্কের বিচারক কোথায় পাব। কিন্তু অত্যন্ত আনন্দের বিষয় যে, রাজধানীর বিতার্কিক বন্ধুরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। তাদের সঙ্গে একাধিক বৈঠকে বসেছি। তাদের পরামর্শ আমাদের অনেক কাজে লেগেছে। তাদের আমন্ত্রণ জানানোমাত্র শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ ও বিতর্কের বিচারকাজে সহযোগিতা করেছেন। তাদের প্রথম আলোর পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা জানাই।

একজন বিতর্কিত মন্তব্য করেছেন, ফার্ম ফ্রেশ-বন্ধুসভা বিতর্ক উৎসবের মধ্য দিয়ে প্রথম আলো বিতর্কের একটি আন্দোলনের যাত্রা শুরু করল।
ঢাকা মহানগরে প্রায় সব বন্ধুসভার বন্ধুরা এ বিতর্ক উৎসবের সঙ্গে সরাসরি জড়িত হয়ে পড়ে। তাদের পরিশ্রমে পাঁচটি বিতর্ক উৎসব সফল আয়োজনে পরিণত হয়। উৎসবের মধ্য দিয়ে বন্ধুসভার বন্ধুরাও বিতর্ক সম্পর্কে সম্যক একটি ধারণা লাভ করেছে। অনেকে বিতর্কচর্চার সঙ্গে সরাসরি জড়িত হয়ে পড়েছে। এটা আমাদের বাড়তি পাওনা।
ফার্ম ফ্রেশ, স্কুলের শিক্ষক, মডারেটর, বিতার্কিক, বিচারক, শিক্ষার্থী, বন্ধুসভার বন্ধু, সবার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।
নির্বাহী সভাপতি: প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ
[email protected]