বিতর্কে উৎসবে ছেলেকে নিয়ে এসেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তরা বিতর্ক উত্সবের শুভ উদ্বোধন। এভাবেই সব অঞ্চলের বিতর্ক উত্সবের উদ্বোধন হয়
উত্তরা বিতর্ক উত্সবের শুভ উদ্বোধন। এভাবেই সব অঞ্চলের বিতর্ক উত্সবের উদ্বোধন হয়

বেশ আটঘাট বেঁধে মঞ্চে উঠল আবির। সে তৃতীয় শ্রেণীতে পড়ে। গল্প বলবে, গোপাল ভাঁড়ের গল্প। কিন্তু বিপত্তি বাধল মাইক হাতে নেওয়ার পর। গল্পটা সে বেমালুম ভুলে গেছে। গল্প বলতে ওর জন্য সময় বেঁধে দেওয়া হলো ১০ সেকেন্ড। হিসাব শুরু এক, দুই, তিন...। গোপাল ভাঁড় দেখি আবিরকে বিপদে ফেলে দিল! অবশেষে ধরা দিল গোপাল ভাঁড়। আবিরের এ দশা দেখে মাঠভর্তি সবাই হাসতে হাসতে লুটোপুটি খাওয়ার অবস্থা। মঞ্চে যখন এমনই গান, নাচ, কৌতুকে রং ছড়াচ্ছে উৎসবের। আর পাশেই তখন চলছে যুদ্ধ! এ যুদ্ধ যুক্তির। বলছিলাম ফার্ম ফ্রেশ-বন্ধুসভা বিতর্ক উৎসবের কথা।
গত ১৩ সেপ্টেম্বর থেকে এমনই উৎসবে মেতে ওঠে পুরান ঢাকা, মিরপুর, ধানমন্ডি ও রামপুরা অঞ্চলের খুদে শিক্ষার্থীরা। আর উৎসবের শেষ দিন ছিল ১ অক্টোবর। স্কুলপর্যায়ের এ প্রতিযোগিতায় অংশ নেয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা। পাঁচটি অঞ্চলের উৎসবের ভেন্যু ছিল বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ, রামপুরা একরামুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়, লালমাটিয়া বালিকা উচ্চবিদ্যালয় ও উত্তরার নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ। এ পাঁচটি উৎসবে অংশ নেয় রাজধানীর ৮৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুধু শিক্ষার্থীরাই নয়, অনেক অভিভাবকও এসেছিলেন সন্তান নিয়ে। তেমনি একজন তৌফিক হাসান মিরপুর উৎসবে নিয়ে এসেছিলেন ছেলেকে। উৎসবে কেন এসেছেন জনতে চাইলে তিনি বলেন, ‘আমি বিতর্ক পছন্দ করি। বিতর্কে আগ্রহী করতেই ছেলেকে এখানে এনেছি।’
উৎসবে হাজির হয়ে গুণীজনেরা শুনিয়েছেন বিতর্কচর্চার মাধ্যমে যুক্তিবান মানুষ হওয়ার গল্প। কথাসাহিত্যিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৈয়দ মনজুরুল ইসলাম শুনিয়েছেন যুক্তির শক্তির কথা।
আর পুরান ঢাকা উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন নানা আশাবাদী বক্তব্য দিয়ে। পুরান ঢাকার উৎসবে উপস্থিত ছিলেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের উপসহকারী ব্যবস্থাপক (ব্র্যান্ড মার্কেটিং) শফিকুল ইসলাম।
বিভিন্ন উৎসবে গান শুনিয়েছেন মাহমুদুজ্জামান বাবু ও ক্লোজআপ তারকা ইমরান।
এ ছাড়া বিভিন্ন উৎসবে উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা ও মনোরোগ চিকিৎসক মোহিত কামাল, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম ও আনিসুল হক, প্রথম আলো বন্ধুসভার নির্বাহী সভাপতি সাইদুজ্জামান রওশন ও প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক ফিরোজ জামান চৌধুরী।
উৎসবে অনেকে প্রথমবারের মতো অংশ নিয়েই আলো ছড়িয়েছে। তাদের একজন অগ্রণী গার্লসের তাবাসসুম আলী। পুরান ঢাকা উৎসবে সে সেরা বক্তা নির্বাচিত হয়েছে, যেন উচ্ছ্বাস ধরেই রাখতে পারছিল না সে। তাবাসসুম বলে, ‘অনেক কিছু শিখেছি বিতর্কের আয়োজনের মধ্য দিয়ে। এখন সত্যি মনে হচ্ছে, কেন আরও আগে থেকে এমন উৎসব আয়োজন হলো না।’ এ কথা শুধু তাবাসসুমের নয়, বিতর্কে অংশ নেওয়া সবার। মূল প্রতিযোগিতার বাইরে এ উৎসব নিয়ে প্রকাশ করা হয় সংসদীয় বিতর্কের ওপর বিশেষ পুস্তিকা। স্কুলভিত্তিক ক্লাবও গঠন করা হয়।
পুরো বিতর্ক উৎসব আয়োজনে যুক্ত ছিল মহানগরের বন্ধুসভাগুলো। বিশেষ করে মাহবুব শাকিল, অনিক সাহা, শুভাশীষ শুভ, ফিরোজ রনি, জান্নাতুল বাকের ও হাসান মাহমুদ দিন-রাত পরিশ্রম করেছেন উৎসব সফল করতে।
গত ১৩ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হয় ঢাকা মহনগরের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে ফার্ম ফ্রেশ-বন্ধুসভা বিতর্ক উৎসব, ২০১৩। উৎসবে মহানগরের স্কুলগুলো অংশ নেয়। সেই পাঁচটি উৎসব নিয়েই এ বিশেষ আয়োজন।