
এক জীবনে মানুষ কতগুলো স্কুল বদলাতে পারে, এর বাস্তব প্রমাণ রেজা। তাঁর সরকারি চাকরিজীবী বাবা বদলি হয়েছেন এ জেলা থেকে ও জেলায়। তাই মাধ্যমিকের গণ্ডি পেরোনোর আগেই তাঁকে বদলাতে হয়েছে ডজন খানেক স্কুল। অবশেষে বরগুনার তালতলি মাধ্যমিক বিদ্যালয়ে থিতু হয়ে পাস করেছেন এসএসসি। এইচএসসি পড়েছেন তালতলি ডিগ্রি কলেজ থেকে। ইংরেজি সাহিত্যে স্নাতক শেষ করেছেন বরিশাল ব্রজমোহন কলেজ থেকে। রেজার পুরো নাম সালাউদ্দিন আহমেদ রেজা।
মো. শাহজাহান ও তাহমিনা আক্তার দম্পত্তির তিন সন্তানের সবার বড় রেজা। রেজার সব অর্জনের পেছনে রয়েছে প্রয়াত বাবার অনুপ্রেরণা। তাই বাবার কথা উঠতেই রেজার চোখমুখে ভর করে এক আশ্চর্য শূন্যতা। জড়ানো গলায় বলেন, ‘বাবা আমার আদর্শ, সব অনুপ্রেরণার উৎস।’ বাবার উৎসাহে বিতর্ক আর কবিতা আবৃত্তি চলেছে সমানতালে। সেই যে পঞ্চম শ্রেণী থেকে বিতর্কচর্চা শুরু, এরই মধ্যে ঝুলিতে পুরেছেন অনেক পুরস্কার। ‘সেরা’ তকমাটি জুটেছে বহু প্রতিযোগিতায়। ছোটবেলায় টিআইবি রচনা প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় পুরস্কার হাতে পাওয়ার দিনটি স্মৃতির পটে এখনো উজ্জ্বল। রেজা যোগ করেন, ‘বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা আয়োজিত আবৃত্তি প্রতিযোগিতায় সারা দেশে প্রথম হওয়ার পর আমার সেদিন যে উল্লাস, তা কি সহজে ভোলা যায়?’ দ্বিতীয় সেরা হয়েছেন মুক্তিযুদ্ধের ৪০ বছর নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘আবার ৭১’ নামের অনুষ্ঠানে অংশ নিয়ে। এ ছাড়া ২০১০ সালে আন্তবিশ্ববিদ্যালয় বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল রেজার দল। দলনেতা হিসেবে চ্যাম্পিয়নের মুকুট পরেন ইউএনউইম্যান-বিডিএফ আয়োজিত বিভাগীয় বিতর্ক প্রতিযোগিতায়। নিজে বিতর্কচর্চার পাশাপাশি কাজ করে চলেছেন বিতর্কের সংগঠক হিসেবেও। ২০০৯ সালে বরিশাল ডিবেটিং সোসাইটি যাত্রা শুরু রেজার হাত ধরে। বর্তমানে সেই সোসাইটির সভাপতির দায়িত্ব পালন করছেন।
ডিবেটিং সোসাইটি নিয়ে রেজা বলেন, ‘বরিশালে বিতর্কচর্চা বাড়াতে স্কুল অব ডিবেট নামে একটি প্রকল্প পরিচালনা করি সংগঠন থেকে, যা মূলত স্কুলপর্যায়ে শিক্ষার্থীদের চার মাসের বিতর্ক কর্মশালা।’ বিতর্কচর্চার পাশাপাশি রেজার স্বপ্ন বিশ্বমানের উপস্থাপক হওয়া। আর নিজের ইচ্ছার কথা বলতে গিয়ে রেজার দৃঢ কণ্ঠ, ‘আমি নিরন্তন আশাবাদী। সততা আর কর্মস্পৃহা যে মানুষকে বড় করে তোলে—কথাটি জপি বারবার।’