বিতর্কে সফল জাহাঙ্গীরনগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক মঞ্চে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সদস্যরা
এক মঞ্চে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সদস্যরা

বিতর্কের আঙিনায় বছরজুড়ে আলো ছড়িয়েছে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (জেইউডিএস)’। জেইউডিএসের এই জয়যাত্রা শুরু হয়েছিল ‘সামিট গ্রুপ-সূর্য সেন হল আন্তক্লাব বিতর্ক প্রতিযোগিতা ২০১৩’-এর মধ্য দিয়ে। ওই প্রতিযোগিতায় সারা দেশের ৪০টি দলকে হারিয়ে চ্যাম্পিয়নশিপের মুকুট ছিনিয়ে নিয়েছিল তারা। এরপর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তক্লাব বিতর্ক প্রতিযোগিতায় রানার্সআপও হয় জেইউডিএস।
এরপর বছরজুড়ে একের পর এক সাফল্য আসতে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘সাম্প্রদায়িকতাবিরোধী বিতর্ক উৎসব ২০১৩’-এর শিরোপা। চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রামের ‘রবি-দৃষ্টি বিতর্ক উৎসব’, সিলেটের ‘শাবিপ্রবি আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব’, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘এনএসইউ-আইভি-২০১৩’ এবং সেন্ট গ্রেগরীজ স্কুল আয়োজিত ‘হোয়াইট প্লাস-এসজিএইচএস ষষ্ঠ জাতীয় বিতর্ক উৎসব-২০১৩’-এ। এ ছাড়া এই সংগঠনের ঝুলিতে আছে ‘স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ’ এবং ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়’ আয়োজিত আরও দুটি বিতর্ক উৎসবের রানার্সআপ ট্রফি।
বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় এই সংগঠনের সদস্যরা ‘জেইউডিএস, মুক্তমঞ্চ’, ‘জেইউডিএস, অমর একুশে’, ও ‘জেইউডিএস, সংশপ্তক’ নামে বিতর্ক করেছে।
সংগঠনের অন্যতম সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী পাভেল রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী হওয়া সত্ত্বেও আমি নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী। আমাদের দলের সবার সঙ্গে পারস্পরিক বোঝাপড়াটা খুব ভালো। তাই হয়তো সাফল্যের ঝুলিও বেশ সমৃদ্ধ।’ দলটির জ্যেষ্ঠ সদস্য মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সজীব ওয়ালিউল্লাহ তাঁদের বিতর্কচর্চা নিয়ে বলেন, ‘বিতর্ক মানেই হলো অন্য সবার চেয়ে একটু বেশি জানা, দেখা ও বোঝার চেষ্টা করা। নিয়মিত সাম্প্রতিক খোঁজখবর রাখা আর সময়মতো সেই তথ্যগুলো কাজে লাগানোর দক্ষতার ওপরই আসলে একজন বিতার্কিকের সাফল্য নির্ভর করে। আমরা এ বিষয়গুলো খেয়াল রাখি।’
দলগত অর্জনের পাশাপাশি ব্যক্তিগত অর্জনের তালিকাও খুব ছোট নয় জেইউডিএসের সদস্যদের। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ও ‘সংশপ্তক’ দলের দলনেতা এহসানুর রহমান বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, ভিকারুননিসা নূন কলেজসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিতর্ক উৎসবে।
কেবল বিতর্ক নয়, সংগঠকের দায়িত্বেও সমান উপযোগী এখানকার সদস্যরা। এ প্রসঙ্গে সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুনিয়া ইসলাম মজুমদার বলেন, ‘জেইউডিএস কেবল আমাদের সংগঠন নয়, এটি আমাদের পরিবার, আমাদের স্বপ্ন দেখার মাধ্যম। আমরা মেধা, শ্রম আর সাংগঠনিক দক্ষতার পুরোটা দিয়ে এই সংগঠনের জন্য কাজ করি। এ জন্যই সাফল্য কিংবা অর্জন—কোনোটাতেই আমাদের কমতি নেই।’
বিতর্কের বাইরেও বিভিন্ন কার্যক্রমে সফলতার সঙ্গে কাজ করে চলেছেন জেইউডিএসের সদস্যরা। জাকারিয়া কবিতা লেখেন আর পাভেল ছবি তোলেন। সজীব, জয় আর লিঠু নিয়মিত কাজ করছেন নানা নতুন ব্যবসার উদ্যোগ নিয়ে।
শুধু বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হিসাবে নয়, নিজেরাও আয়োজন করেছেন বিতর্ক প্রতিযোগিতার। গত ২৪ ডিসেম্বরে দেশের শীর্ষ পাবলিক ও বেসরাকারি বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে আয়োজন করেছিল ২০১৩ সালের সর্বশেষ বিতর্ক উৎসব।
যুক্তির আলো ছড়ানো এই সংগঠন মেধা, মনন, যুক্তি আর অসাম্প্রদায়িকতার মূলমন্ত্র মনে ধারণ করে ১৯৯৭ সালে যাত্রা শুরু করে। যুক্তির শক্তিকে ব্যবহার করে সংগঠনটি কেবল নিজেদের আঙিনাতেই নয়, গোটা বাংলাদেশের বিতর্ক অঙ্গনে নিজেদের যুক্তির প্রমাণ রেখেছে। বিতর্কের ময়দানে সাফল্য ধরে রাখতে চান দলটি সব সদস্য।