বিদায় এমএসএন মেসেঞ্জার

ইনস্ট্যান্ট মেসেজ চ্যাট টুল ‘উইন্ডোজ লাইভ মেসেঞ্জার’ (এমএসএন) এর বিদায়ের তারিখ ঘোষণা করেছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। ৩১ অক্টোবর চীন থেকে এই সেবা বন্ধের মাধ্যমে ১৫ বছরের পুরোনো এমএসএন মেসেঞ্জারের কার্যক্রম শেষ করছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি।
গত বছর এমএসএন মেসেঞ্জারের পরিবর্তে ব্যবহারকারীদের স্কাইপ ব্যবহারের পরামর্শ দিয়েছিল মাইক্রোসফট। মাইক্রোসফটের পক্ষ থেকে এক বিবৃতিতে এ খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে। খবর বিবিসির।
মাইক্রোসফট জানিয়েছে, ৩১ অক্টোবর চীনে আনুষ্ঠানিক ভাবে বন্ধ হয়ে যাবে এমএসএন সেবা। দেশটির সব এমএসএন ব্যবহারকারী স্বয়ংক্রিয়ভাবে স্কাইপে স্থানান্তরিত হতে পারবেন।
২০১৩ সালে থেকেই বিশ্বব্যাপী এমএসএন মেসেঞ্জারের অধিকাংশ ব্যবহারকারী বিকল্প হিসেবে স্কাইপ ব্যবহার করছেন। স্কাইপের জনপ্রিয়তা বাড়লেও পুরোনো মেসেঞ্জারটিই ব্যবহার করছিলেন চীনের ব্যবহারকারীরা।
১৯৯৯ সালে এমএসএন মেসেঞ্জার নামে ইনস্ট্যান্ট মেসেজ চ্যাট টুলটি চালু করেছিল মাইক্রোসফট। পরবর্তীতে এ সেবায় ছবি, ভিডিওসহ বিভিন্ন সুবিধা যুক্ত করেছিল প্রতিষ্ঠানটি। ২০০৫ সালে রিব্র্যান্ডিংয়ের কারণে এমএসএন মেসেঞ্জার নাম পাল্টে হয়েছিল ‘উইন্ডোজ লাইভ’ মেসেঞ্জার।
২০০৯ সালে দেয়া মাইক্রোসফটের এক তথ্য অনুযায়ী, সেসময় ৩৩ কোটি ব্যবহারকারী উইন্ডোজ লাইভ মেসেঞ্জার ব্যবহার করতেন। পরবর্তী সময়ে স্কাইপের সঙ্গে প্রতিযোগিতার মুখে দ্রুত কমতে থাকে মাইক্রোসফটের এ চ্যাট টুল ব্যবহারকারীর সংখ্যা। এরপর দ্রুত স্কাইপ কিনে নেয় মাইক্রোসফট।
গত বছর মাইক্রোসফট জানিয়েছিল, ২০১৩ সালের ১৫ মার্চ থেকে উইন্ডোজ লাইভ মেসেঞ্জার ব্যবহার বন্ধ করে দেওয়া হবে। উইন্ডোজ লাইভ মেসেঞ্জারের স্থানটির দখল নেবে স্কাইপের মেসেজিং টুল। তবে ওই সময় বিশ্বের অন্যান্য দেশে ‘উইন্ডোজ লাইভ মেসেঞ্জার’ ব্যবহার বন্ধ করলেও কেবল চীনে চালু রাখার ঘোষণা দিয়েছিল মাইক্রোসফট।