বিদায় আইপড ন্যানো ও শাফল

জনপ্রিয় গান শোনার ডিভাইস আইপড ন্যানো ও শাফলকে বিদায় জানানোর পরিকল্পনা করছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। স্মার্টফোনে জনপ্রিয়তার কারণে আইপডের জনপ্রিয়তা কমছে। দীর্ঘদিন ধরে অ্যাপল এ দুটি যন্ত্রের কোনো হালনাগাদও করেনি। এ ছাড়া প্রতিষ্ঠানের স্ট্রিমিং সেবা অ্যাপল মিউজিক চলে না এতে।
সব মিলিয়ে আইপডের পুরোনো দুটি সংস্করণে বিদায় জানানোর পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।
২০০৫ সালে যখন শাফল উন্মোচন করা হয় তখন এটি একটি উদ্ভাবনী পণ্য ছিল। কিন্তু এতে পর্দা না রাখায় এ নিয়ে সমালোচনাও হয়েছে। একই বছর আইপড মিনির পরিবর্তে ন্যানো উন্মোচন করা হয়। এতে আবার পর্দা ফিরিয়ে আনে অ্যাপল।
২০০১ সালে প্রথম আইপড উন্মোচন করেন অ্যাপল সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস। ২০১৪ সালে এই মডেলটি প্রস্তুত করা বাদ দেয় অ্যাপল। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয় এই আইপডের জন্য যে যন্ত্রাংশ দরকার এখন থেকে আর সেগুলো পাওয়া যাবে না।
ধারণা করা হচ্ছে, আইপড সিরিজকে সরল করার অংশ হিসেবে শুধু আইপড টাচ মডেল রাখার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন এই প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি।
ইতিমধ্যেই অ্যাপলের অনলাইন স্টোর থেকে সরিয়ে নেওয়া হয়েছে ন্যানো ও শাফল। শিগগিরই বাস্তব স্টোর থেকেও এগুলো সরানো হবে বলে উল্লেখ করা হয়েছে। তথ্যসূত্র: বিবিসি।