বিদায় নিচ্ছে প্লেস্টেশন ২
জনপ্রিয় গেম কনসোল প্লেস্টেশন ২ বা পিএস২ এর নির্মাণ বন্ধ করে দিয়েছে জাপানের ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, প্লেস্টেশন ৪ তৈরির কাজ শুরু করার জন্যই প্লেস্টেশন ২ এর নির্মাণ বন্ধ করে দিয়েছে সনি। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।২০০০ সালের মার্চ মাসে জাপানের বাজারে প্রথম প্লেস্টেশন ২ গেম কনসোল বিক্রি শুরু করেছিল সনি। এখন পর্যন্ত এ গেম কনসোলটি ১৫ কোটি ইউনিটের বেশি বিক্রি হয়েছে। প্লেস্টেশন ২ এতটাই জনপ্রিয় ছিল যে, প্লেস্টেশন ৩ বাজারে আসার পরও এর বিক্রি কমেনি।এ প্রসঙ্গে সনি জানিয়েছে, প্লেস্টেশন ২ উত্পাদন বন্ধ হলেও এ গেম কনসোলটির জন্য গেম তৈরি এখনই বন্ধ হচ্ছে না। এক যুগেরও বেশি সময়ে প্লেস্টেশন ২ এর জন্য প্রায় ১১ হাজার গেম তৈরি হয়েছে।প্রসঙ্গত, প্লেস্টেশন ২ কে সবচেয়ে বিক্রীত গেম কনসোল হিসেবে ধরা হয়।চলতি বছরের সম্ভাব্য প্রযুক্তিপণ্যের মধ্যে সনির পরবর্তী প্রজন্মের গেম কনসোল প্লেস্টেশন৪ রয়েছে। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, নতুন গেম কনসোল আনতেই প্লেস্টেশন ২ কে বিদায় জানাচ্ছে সনি।