বিদায় নেটবুক!
ছোটো আকারের ল্যাপটপ বা নেটবুক আর তৈরি করবে না কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান এসার ও আসুস। ট্যাবলেটের জনপ্রিয়তার কারণেই নেটবুকের বাজার থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে প্রতিষ্ঠান দুটি। এক খবরে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।২০০৭ সালে প্রথমবারের মতো বাজারে আসে বড় আকারের ল্যাপটপ বা নোটবুকের সাশ্রয়ী বিকল্প নেটবুক। বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, ২০১০ সালে নেটবুক বিক্রির লক্ষ্যমাত্রা প্রায় ১৪ কোটি ইউনিট ছুঁয়েছিল। নেটবুক নির্মাতা প্রতিষ্ঠানের তালিকায় ছিল স্যামসাং, এসার, তোশিবা, আসুস, এইচপি,ডেলের মতো নামকরা প্রতিষ্ঠানগুলো।প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ডিজিটাইমস তাদের সাম্প্রতিক এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যাপলের আইপ্যাডসহ ট্যাবলেটের বাজার বেড়ে যাওয়ায় নেটবুকের চাহিদা কমেছে। এসার ও আসুস তাই নেটবুক তৈরি থেকে পিছু হটছে। বাজার বিশ্লেষকদের মতে, এসার ও আসুস নেটবুক তৈরি বন্ধ করে দিলে ছোটো আকারের ল্যাপটপের বাজার সংকুচিত হয়ে পড়বে।ডিসপ্লেসার্চের প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, নেটবুকের সুবিধার জন্যই মানুষ সহজে বহনযোগ্য ট্যাবলেট ব্যবহারের দিকে আকৃষ্ট হয়েছে।