বিদায় ফেসবুক মেইল

যত গর্জে তত বর্ষে না। কথাটি বোধ হয় ফেসবুকের মেইল সেবাটির ক্ষেত্রে প্রযোজ্য। ফেসবুক সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বেশ আড়ম্বরে ২০১০ সালে এটি উন্মুক্ত করেছিলেন। কিন্তু মাত্র তিন বছর যেতে না যেতেই মেইল সেবাটিকে বন্ধ করে দিলেন তিনি। কারণ, ফেসবুক মেইলের ব্যবহারকারী নেই বললেই চলে। টেলিগ্রাফ অনলাইনের এক খবরে বলা হয়েছে, চুপিসারে অজনপ্রিয় ও বিতর্কিত মেইল সেবা বন্ধ করে দিল ফেসবুক। বন্ধ করে দেওয়ার কারণ হিসেবে ফেসবুক জানিয়েছে, তাদের মেইল সেবা মানুষ ব্যবহার করে না।
২০১০ সালে প্রচলিত মেইল সেবাগুলোর সমালোচনা করে ফেসবুক মেইল সেবাটি চালু করেছিলেন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। সেসময় তিনি বলেছিলেন, প্রচলিত মেইল সেবাগুলো খুবই ধীরগতির এবং খুব সাধারণ মানের। তাই তিনি পরবর্তী প্রজন্মের মেইল সেবা তৈরি করেছেন।
ইনস্ট্যান্ট মেসেজ, এসএমএস, ফেসবুক মেসেজ সুবিধার মেইল সেবা নিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের আশা করেছিলেন, প্রচলিত বার্তা ছাড়াও ইমেইল আদান প্রদান করতে ফেসবুকের মেইল ঠিকানাটি কাজে লাগাবেন ব্যবহারকারীরা। কিন্তু তাঁদের সে আশার গুড়ে বালি!
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, মার্চ মাস থেকেই ধীরে ধীরে বন্ধ হয়ে অকার্যকর হয়ে যাবে ফেসবুক মেইল। যাঁদের ফেসবুক মেইল ঠিকানায় মেইল আসবে তাঁদের মেইলগুলো সরাসরি চলে যাবে ব্যবহারকারী ফেসবুক অ্যাকাউন্ট খুলতে যে ইমেইল অ্যাড্রেস ব্যবহার করেছিলেন সেটিতে।
ফেসবুক জানিয়েছে, সম্প্রতি এক হাজার ৯০০ কোটি মার্কিন ডলারে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি কিনেছে ফেসবুক। এই অ্যাপ্লিকেশনটি বার্তা, ছবি ও ভিডিও আদান-প্রদানে ব্যবহার করবেন ব্যবহারকারীরা।