বিদায় 'ম্যাকাফি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাকাফির ওপর নাখোশ জন ম্যাকাফি
ম্যাকাফির ওপর নাখোশ জন ম্যাকাফি

জনপ্রিয় অ্যান্টিভাইরাস ‘ম্যাকাফি’র ব্র্যান্ড নাম ম্যাকাফিকে বিদায় জানাচ্ছে চিপ নির্মাতা ইনটেল। এর মাধ্যমে জনপ্রিয় এই সফটওয়্যার ব্র্যান্ড থেকে উদ্ভাবক জন ম্যাকাফির নাম ইতিহাস হয়ে যাচ্ছে।

ম্যাকাফির নতুন নামকরণ হবে ‘ইনটেল সিকিউরিটি’। ২০১১ সালে অ্যান্টি ভাইরাস নির্মাতাপ্রতিষ্ঠান ম্যাকাফিকে কিনেছিল মার্কিন চিপ নির্মাতাপ্রতিষ্ঠানটি। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

ম্যাকাফিকে কিনে নেওয়ার তিন বছরের মাথায় নতুন নামকরণ করা নিয়ে ম্যাকাফির প্রতিষ্ঠাতা জন ম্যাকাফিও খুশি হয়েছেন। অবশ্য দীর্ঘদিন ধরেই তিনি ম্যাকাফির অ্যান্টিভাইরাস নিয়ে নাখোশ। চিপ নির্মাতা ইনটেল ম্যাকাফি নামটি সরিয়ে দিতে যাচ্ছে শুনে খুশিই হয়েছেন তিনি। ৭ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হওয়া কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস) উপলক্ষে নতুন চিপ উন্মুক্ত করার সময় ম্যাকাফিকে নতুন নামকরণ করার ঘোষণা দিয়েছেন ইনটেলের প্রধান নির্বাহী ব্রায়ান ক্রেরসানিস।
ইনটেল জানিয়েছে, এখন থেকে তারা নিরাপত্তা সফটওয়্যারে নিজস্ব ব্র্যান্ড নাম ব্যবহার করবে। ইনটেলের এই ঘোষণার মাধ্যমে ইনটেল-ম্যাকাফির দীর্ঘদিনের সম্পর্কের অবসান হলো।

এদিকে ইনটেলের এই পদক্ষেপ সম্পর্কে ম্যাকাফি সফটওয়্যার নির্মাতা জন ম্যাকাফি জানিয়েছেন, ম্যাকাফির সঙ্গে সম্পর্ক ছিন্ন করায় তিনি ইনটেলের প্রতি কৃতজ্ঞ। ম্যাকাফি জানান, বিশ্বের সবচেয়ে বাজে সফটওয়্যারের সঙ্গে ইনটেলের সম্পর্ক ছিন্ন হওয়ায় মারাত্মক অস্বস্তিকর অবস্থা থেকে মুক্তি পেয়েছেন তিনি। ম্যাকাফির দাবি, এটা তাঁর কথা নয়। বিশ্বের অসংখ্য বিরক্ত হওয়া মানুষের কথা।

এর আগে গত বছর কীভাবে ম্যাকাফি সফটওয়্যার আন-ইনস্টল করতে হয় তার একটি ভিডিও পোস্ট এবং ম্যাকাফি সফটওয়্যারযুক্ত ল্যাপটপে গুলি করার মতো ঘটনাও ঘটিয়েছেন জন ম্যাকাফি।
১৯৮৭ সালে ম্যাকাফি প্রতিষ্ঠা করেছিলেন জন ম্যাকাফি। জন ম্যাকাফির সঙ্গে বর্তমানে ম্যাকাফি অ্যান্টিভাইরাস প্রতিষ্ঠানটির কোনো সম্পর্ক নেই।
এর আগে ২০১১ সালে ম্যাকাফি কিনে নেওয়ার সময় ইনটেল জানিয়েছিল, ম্যাকাফি কিনে নিলেও ম্যাকাফি ব্র্যান্ড নামটি তারা চালু রাখবে।