বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রোগ্রামিং!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে এবার প্রাথমিক বিদ্যালয়-পর্যায়ের শিক্ষার্থীদের প্রোগ্রামিং শেখানোর নতুন উদ্যোগ চালু হয়েছে। এই প্রকল্পের আওতায় বিদ্যালয়ের একটি ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের কম্পিউটারের প্রোগ্রাম সম্পর্কে শেখানো হবে। কোড ক্লাব (www.codeclub.org.uk) নামের এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য ১০ থেকে ১১ বছর বয়সী শিশুদের কম্পিউটার প্রোগ্রামিংয়ের ধারণা দেওয়া। এই ক্লাবের মাধ্যমে হাতে-কলমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ের বিষয়গুলো শেখানো হবে, যাতে করে শিশুরা গেম, নিয়ন্ত্রিত রোবট তৈরি করতে পারে। ২০১৪ সালের মধ্যে যুক্তরাজ্যের ২৫ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনা মূল্যে এ প্রশিক্ষণ দেওয়া হবে। কোড ক্লাব প্রকল্পের অন্যতম দুই কর্মকর্তা ক্লেয়ার সাটক্লিফ ও লিন্ডা স্যান্ডভিক বলেন, অফিস কিংবা ব্যবসার ক্ষেত্রে কী ধরনের সফটওয়্যার ব্যবহূত হয় এবং বর্তমানে কম্পিউটার শিক্ষার বিষয়গুলো এ প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের শেখানো হবে। এ কাজের জন্য প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন। উদ্যোক্তারা পুরো কার্যক্রম স্বেচ্ছাসেবকদের মাধ্যমে করানোর ব্যাপারেও ভাবছেন। প্রকল্পটির ওয়েবসাইটেও রয়েছে স্বেচ্ছাসেবক শিক্ষক হিসেবে যোগ দেওয়ার সুযোগ। এ উদ্যোগের ফলে প্রাথমিক পর্যায়েই শিক্ষার্থীরা প্রোগ্রামিং সম্পর্কে একটি ধারণা পাবে, যা পরে তাদের প্রোগ্রামিংয়ে আগ্রহী করে তুলবে বলে মনে করা হচ্ছে। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেক অভিভাবক। —বিবিসি অবলম্বনে কাজী আশফাক আলম