বিদ্যুৎ উপকেন্দ্র প্রযুক্তিতে এবিবির আগ্রহ

ঘনতিবসতিপূর্ণ এলাকায় মাটির নিচে বিদ্যুৎ উপকেন্দ্র (সাব স্টেশন) তৈরি করা যেতে পারে। এক্ষেত্রে সুইজারল্যান্ডভিত্তিক পাওয়ার ও অটোমেশন প্রযুক্তি-প্রতিষ্ঠান এবিবির অভিজ্ঞতা রয়েছে বলে জানিয়েছেন এবিবি লিমিটেড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রাজর্ষি ব্যানার্জি। বাংলাদেশে এই ক্ষেত্রে দক্ষ জনশক্তি তৈরির বিষয়ে কাজ করার কথাও জানান তিনি।
১৮ জুন বুধবার রাজধানীতে একটি সেমিনারের আয়োজন করেছিল প্রতিষ্ঠানটি। এ সেমিনারে ভূগর্ভস্থ বিদ্যুৎকেন্দ্রসহ বিদ্যুৎ ও জ্বালানি ক্ষেত্রের বিভিন্ন প্রযুক্তি বিষয়ক তথ্য তুলে ধরেন এবিবির কর্মকর্তারা।
এবিবি আয়োজিত সেমিনারে ১২৫ জনেরও বেশি গ্রাহক অংশ নেন। এ সেমিনারে সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, চীন ও ভারতে কর্মরত এবিবির কর্মকর্তারা তাদের বিভিন্ন পণ্যের তথ্য তুলে ধরেন। বর্তমানে বিভিন্ন দেশে কারিগরি সমস্যা সমাধানের ক্ষেত্রে নিরাপত্তা, দ্রুতগতির কর্মক্ষমতা ও ভূমির যথাযথ ব্যবহার এই তিনটি বিষয়ে আলোচনা করেন তাঁরা।
এবিবির সাউথ এশিয়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক জোহান ডিভিলিয়ার্স জীবাশ্ম জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের তথ্য জানান। এ ছাড়া কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বাড়াতে এবিবির বিভিন্ন কারিগরি সহায়তার কথা বলেন তিনি। সেমিনারে এবিবির কর্মকর্তারা গ্যাস ইনসুলেটেড সুইচগিয়ার(জিআইস) প্রযুক্তি, সাবস্টেশন অটোমেশন, কমিউনিকেশন নেটওয়ার্ক ও প্ল্যান্ট কন্ট্রোল বিষয়েও আলোচনা করেন।
বাংলাদেশের বাজারকে এবিবি সব সময় দ্রুত বর্ধনশীল বাজার হিসেবে বিবেচনা করে উল্লেখ করে অনুষ্ঠানে এবিবি লিমিটেড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রাজর্ষি ব্যানার্জি বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতোই সব সময় সর্বশেষ প্রযুক্তি এ দেশে পরিচয় করিয়ে দিয়েছে এবিবি।
লো, মিডিয়াম ও হাই ভোল্টেজ পণ্যের নির্মাতা হিসেবে এবিবি বিশ্বের শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠান। পাওয়ার ও অটোমেশন প্রযুক্তির ক্ষেত্রে বিভিন্ন সেবা দিতে কাজ করে এবিবি। বিশ্বের ১০০টি দেশে এক লাখ ৪৫ হাজারের বেশি কর্মী কাজ করছেন এবিবি গ্রুপে। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের জুরিখে।
অনুষ্ঠানে এবিবির কর্মকর্তারা দাবি করেন, বিশ্বের বিভিন্ন দেশে তাঁদের কারখানা রয়েছে এবং বিশ্বমানের এসব কারখানা থেকে তৈরি পণ্যগুলো যেকোনো ইলেকট্রিক্যাল সিস্টেমে নিরাপদ। বিভিন্ন প্রতিকূল পরিবেশে সিস্টেমকে রক্ষা করতে এবিবির পণ্যগুলো কার্যকর। এ ছাড়া পরিবেশবান্ধব পণ্য হিসেবে শক্তি উৎপাদন প্ল্যান্ট, ডাটা সেন্টার, হাসপাতাল বা গুরুত্বপূর্ণ ভবন তৈরিতেও এবিবির পণ্য ব্যবহার করা যাবে। লো, মিডিয়াম ও হাই ভোল্টেজ পাওয়ারের জন্য যে ধরনের প্রযুক্তি-সেবা প্রয়োজন, সেই ধরনের সমাধান দিতে পারে প্রতিষ্ঠানটি। সার্কিট ব্রেকার্স, সুইচ, কন্ট্রাক্টরস, এনক্লোজার থেকে শুরু করে বাড়ির স্বয়ংক্রিয় প্রযুক্তি-ক্ষেত্র নিয়েও এবিবি কাজ করে।