বিদ্যুৎ আহরণের নতুন পদ্ধতি

আমাদের চারপাশে ইথারে ছুটে বেড়াচ্ছে বেতার তরঙ্গ। এর কারণেই আমাদের মোবাইল ফোনে টুজি, থ্রিজি ও ফোরজির মতো নেটওয়ার্ক পাচ্ছি। ল্যাপটপে পাচ্ছি ওয়াই-ফাই, টিভিতে দেখতে পাই অনুষ্ঠান সম্প্রচার। ইথারে থাকা এই বেতার সংকেত থেকে বিদ্যুৎ আহরণ করা যায়। বিষয়টি নিয়ে কাজ করছে যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠান ড্রেসন টেকনোলজিস। এখানকার গবেষকেরা ‘ফ্রিভোল্ট’ নামে বেতার তরঙ্গ থেকে বিদ্যুৎ আহরণের একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন।
ড্রেসন টেকনোলজিসের গবেষকেরা বলছেন, পরিব্যাপ্ত বেতার তরঙ্গকে প্রয়োজনীয় বিদ্যুতে রূপান্তর করার যে প্রযুক্তি তারা উদ্ভাবন করেছেন তা দিয়ে কম শক্তিতে চলে এমন ডিভাইস চালানো সম্ভব হবে। এই প্রযুক্তি গতকাল লন্ডনে প্রদর্শন করেছেন তাঁরা। তাঁরা বলেন, ফ্রিভোল্ট হচ্ছে প্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি এ ধরনের প্রযুক্তি যা বেতার তরঙ্গ থেকে শক্তি আহরণ করতে পারে। এতে আলাদা কোনো ট্রান্সমিটার দরকার পড়ে না।
গতকাল লন্ডনের রয়্যাল ইনস্টিটিউশনে একটি থিয়েটারে সাবেক ব্রিটিশ বিজ্ঞান মন্ত্রী লর্ড পল ড্রেসন ‘ফ্রিভোল্ট’ এর উদ্বোধন করেন।
ফ্রিভোল্ট প্রযুক্তিতে একটি মাল্টি-ব্যান্ডের অ্যানটেনা ও একটি রেকটিফায়ার থাকে। রেকটিফায়ার হচ্ছে এক ধরনের ইলেকট্রিক্যাল ডিভাইস যা অলটারনেটিং বিদ্যুৎকে (এসি) ডিরেক্ট বিদ্যুতে (ডিসি) পরিণত করে।
ড্রেসন টেকনোলজিস ও ইমপেরিয়াল কলেজ লন্ডনের এক বিবৃতিতে বলা হয়েছে, মাল্টিপল রেডিও ফ্রিকোয়েন্সি ব্র্যান্ড থেকে এটি শক্তি শোষণ করতে পারে।
ড্রেসন বলেন, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ওয়াই-ফাই, সেলুলার ও ব্রডকাস্ট নেটওয়ার্ক থেকে কীভাবে শক্তি আহরণ করা যায় তা নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছে। কিন্তু এ পদ্ধতিতে অল্প পরিমাণ শক্তি সংগ্রহ করা যায় বলে এটি যথেষ্ট কষ্টসাধ্য।
কেন্ট বিশ্ববিদ্যালয়ের অ্যানটেনা প্রযুক্তির অধ্যাপক জন ব্যাচেলর বলেন, ‘এ পদ্ধতির ধারণাটি চমৎকার এবং এটি আরও উন্নত করা সম্ভব। তবে এর সমস্যা হচ্ছে এ থকে যে শক্তি সংগ্রহ করা হয় তা সময় সময় কম-বেশি হতে পারে।’ তবে এ পদ্ধতিতে বিদ্যুৎ সংগ্রহ করা শুরু হলে মোবাইল ফোনের সংকেতের ওপর তার প্রভাব পড়তে পড়বে কিনা সে প্রশ্নও তুলেছেন তিনি। সূত্র: এএফপি ও এনগ্যাজেট।