সিলেটে উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মুহম্মদ জাফর ইকবাল
বিদ্যুৎ ছাড়া ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব না
‘বিদ্যুৎ ছাড়া ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব নয়। নিয়মিত ও পর্যাপ্ত পরিমাণ বিদ্যুতের সরবরাহ পেলে অনেক কিছু উদ্ভাবন করা সম্ভব। কারণ এই দেশের মানুষের সৃজনশীল উদ্ভাবনী প্রতিভা অনেক বেশি।’ গতকাল মঙ্গলবার বিভাগীয় শহর সিলেটে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া এক বক্তব্যে এ কথা বলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। এ সময় তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচার ও ডিজিটাল বাংলাদেশ রূপান্তরের কথা বলে ক্ষমতায় এসেছে। যুদ্ধাপরাধীদের বিচার শেষ হয়ে জাতি নিশ্চয়ই কলঙ্কমুক্ত হবে। অন্যদিকে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে সরকারের পরিকল্পনার সুফলও আমরা পেতে শুরু করেছি।’সকাল ১০টায় সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে দুই দিনের এ মেলা উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় তিনি বলেন, ‘নতুন প্রজন্ম দেশের প্রধান শক্তি। এই শক্তিকে আধুনিক ও যুগোপযোগী তথ্যপ্রযুক্তির জ্ঞানের মাধ্যমে গড়ে তুলতে হবে। নৈতিক মূল্যবোধের জাগরণ ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে তরুণ প্রজন্ম গড়ে উঠলেই দেশটা বদলে যাবে। ইতিহাসে নতুন অধ্যায় রচিত হবে। আর এই অধ্যায়ের মহানায়ক হয়ে ওঠবে নতুন প্রজন্ম।’উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সৈয়দা জেবুন্নেসা হক, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মো. নজরুল ইসলাম খান, সিলেটের বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলম, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মোশাররফ হোসেন ভুঞা ও জেলা প্রশাসক আবু সৈয়দ মোহাম্মদ হাশিম। অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি নিয়ে প্রবন্ধ পড়েন ফাইয়াজ উদ্দিন আহমদ।সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এ মেলা। মেলায় জনগণের জন্য সরকারের বিভিন্ন তথ্যপ্রযুক্তি প্রকল্প তুলে ধরা হচ্ছে। পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানেরও অংশগ্রহণ আছে। আজ বুধবার হচ্ছে সমাপনী দিন। সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় সরকারি ও বেসরকারি পর্যায়ের মোট ৩৮টি স্টল অংশ নিয়েছে। মেলা শুরুর দিনই প্রচুর লোকসমাগম হয়েছে। —সুমন কুমার দাশ